রংপুর: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের চিঠির বিষয়ে ভারত এখনো ইতিবাচক সাড়া দেয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, তারা বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি। ভারতের কাছে তাকে দেশে ফেরত চাওয়া হয়েছে। কিন্তু শেখ হাসিনাকে ফেরতে ভারতের ইতিবাচক সাড়া পাইনি। এ ধরনের ঘটনায় চটজলদি সমাধান পাওয়া যায় না। ভারতের পক্ষ থেকে কী রিঅ্যাকশন পাওয়া যায় তা দেখা হচ্ছে। ভারতের রিঅ্যাকশন হিসেবে দেখেছি, তারা বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে।
জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি তার পতিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দুইজনই ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে পলাতক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান সাহেব কখন দেশে আসবেন এই সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। ওনার স্ত্রী (ডা. জুবাইদা রহমান) ঢাকায় পৌঁছে গেছেন। আজ (বিএনপির চেয়ারপারসন) বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না। কারণ জানতে পারলাম এয়ারক্রাফট নিয়ে টেকনিক্যাল সমস্যা রয়েছে।
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে বাংলাদেশের জেলেদের আটক হওয়ার ব্যাপারে তৌহিদ হোসেন বলেন, আরাকান আর্মি স্টেটের কেউ না। তাই চাইলে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করা সম্ভব নয়। যেহেতু আমাদের স্বার্থ রয়েছে, তাই বিষয়টি দেখতে হবে। সবকিছু তো প্রকাশ করা যায় না, তবে এ ঘটনা যেন আর না ঘটে বা কম ঘটে, সেজন্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।