• দেশজুড়ে
  • নির্বাচনী আচরণবিধি মেনে নিজ হাতে পোস্টার সরালেন বিএনপি প্রার্থী ড. জালাল উদ্দিন

নির্বাচনী আচরণবিধি মেনে নিজ হাতে পোস্টার সরালেন বিএনপি প্রার্থী ড. জালাল উদ্দিন

দেশজুড়ে ১ মিনিট পড়া
নির্বাচনী আচরণবিধি মেনে নিজ হাতে পোস্টার সরালেন বিএনপি প্রার্থী ড. জালাল উদ্দিন

নির্বাচনের তফসিল ঘোষণার পর আচরণবিধি মেনে চলার নজির স্থাপন করলেন চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. জালাল উদ্দিন। নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ৪৮ ঘণ্টার সময়সীমার আগেই তিনি নিজ হাতে ও নেতাকর্মীদের সহায়তায় মতলব উত্তর উপজেলার দেয়াল থেকে নিজের পোস্টার অপসারণ করেছেন। এই পদক্ষেপকে তিনি রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীলতার প্রকাশ বলে উল্লেখ করেছেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. জালাল উদ্দিন শুক্রবার (১২ ডিসেম্বর) মতলব উত্তর উপজেলায় দেয়াল থেকে নিজের প্রচারমূলক পোস্টার অপসারণের কাজ শুরু করেন । নির্বাচনী আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে তিনি নিজে এই কার্যক্রমে অংশ নেন।

আচরণের প্রতি শ্রদ্ধাশীল বিএনপি

পোস্টার অপসারণের বিষয়ে ড. মো. জালাল উদ্দিন বলেন, “আমি এবং আমার দল বিএনপি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। নির্বাচনের তপশিল ঘোষণা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আলোকসজ্জাসহ সব ধরনের প্রচারসামগ্রী বন্ধ করারও নির্দেশ রয়েছে ।” তিনি আরও জানান, এসব অপসারণের দায়িত্ব সংশ্লিষ্ট প্রার্থীদেরই পালন করতে হবে, তাই তিনি নিজ দায়িত্বেই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্দিষ্ট সময়ের আগেই এসব প্রচারসামগ্রী অপসারণ করছেন ।

মতলব উত্তর ও দক্ষিণ থেকে অপসারণ

ড. জালাল উদ্দিন জোর দিয়ে বলেন, “যেহেতু এটি রাষ্ট্রের আইন এবং নতুনভাবে নির্বাচনের আয়োজন হচ্ছে, তাই আমরা নিজেরাই আমাদের পোস্টার ও ফেস্টুনগুলো সরিয়ে ফেলছি। আমার নির্বাচনী এলাকা মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার যেসব এলাকায় আমাদের পোস্টার টানানো হয়েছে, সব জায়গা থেকেই নিজ দায়িত্বে সেগুলো নামিয়ে ফেলা হচ্ছে ।” তিনি প্রত্যাশা করেন, আগামী নির্বাচন যেন আইন মেনেই অনুষ্ঠিত হয়।

ইসির নির্দেশনা ও সময়সীমা

উল্লেখ্য, এর আগে গত ১০ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি)-এর নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এক নির্দেশনায় সম্ভাব্য প্রার্থীদের ৪৮ ঘণ্টার মধ্যে সকল ধরনের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণের নির্দেশ দেন । নির্দেশনায় বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণার কার্যক্রম চলমান রয়েছে। এই নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে/দায়িত্বে অপসারণ করতে হবে ।

Tags: bnp bangladesh politics chandpur matlab election-conduct-rules dr-jalal-uddin poster-removal