ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির চিকিৎসা পর্যবেক্ষণের জন্য এভারকেয়ার হাসপাতালে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) হাসপাতালটির আইসিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
শরিফ ওসমান হাদিকে শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপারেশনের পর উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছিল।
মেডিকেল বোর্ডের ১১টি পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত
বিশেষজ্ঞ মেডিকেল টিম ওসমান হাদির শারীরিক পরিস্থিতি নিয়ে যে ১১টি পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত তুলে ধরেছে, তা নিচে দেওয়া হলো:
১. মস্তিষ্কের ক্ষতি ও ব্যবস্থাপনা: হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে, তাই এখন ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে কনজার্ভেটিভভাবে চিকিৎসা চালিয়ে যেতে হবে। অবস্থা একটু স্থিতিশীল হলে মস্তিষ্কের রিপিট সিটি স্ক্যান করানো যেতে পারে।
২. ফুসফুসের অবস্থা: ফুসফুসে ইনজুরি আছে এবং চেস্ট ড্রেইন টিউবে সামান্য রক্ত আসছে, যা চলতে থাকবে। 'ফুসফুসে সংক্রমণ' ও 'এ আর ডি এস' (ARDS) যাতে তৈরি না হয়, সেদিকে খেয়াল রেখে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখতে হবে।
৩. কিডনির কার্যকারিতা: কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে, তা কিডনির কার্যক্ষমতা ধরে রাখার জন্য একইরকমভাবে চালিয়ে যেতে হবে।
৪. রক্তের অসামঞ্জস্যতা: শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যে যে অসামঞ্জস্যতা (ডিআইসি) দেখা দিয়েছিল, তা অনেকটাই স্বাভাবিক হয়েছে। সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত এবং রক্তের বিভিন্ন উপাদান ট্রানফিউস করতে হবে।
৫. হৃদস্পন্দন ও রক্তচাপ: ব্রেন স্টেমে ইনজুরির কারণে রক্তচাপ ও হার্ট বিট ওঠানামা করছে। রক্তচাপের জন্য সাপোর্ট চলছে এবং হার্ট রেট কমে গেলে অস্থায়ী পেস মেকার লাগানোর জন্য টিম প্রস্তুত আছে।
৬. পূর্ববর্তী চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা: ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার, রেডিওলজি, আইসিইউ, এনেসথেসিয়া, সমস্ত ইউরো সার্জারিসহ অন্যান্য ডিসিপ্লিনের চিকিৎসকগণ এবং সাপোর্টিভ স্টাফগণ যে অসাধারণ কাজ করেছেন, তার জন্য মেডিকেল বোর্ড আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।
৭. বর্তমান পরিস্থিতি: বর্তমানে তার সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক।
৮. আপডেট প্রদান ও দোয়ার অনুরোধ: মেডিকেল বোর্ড এই সংক্ষিপ্তসার রোগীর ভাই ও আপনজনকে ব্যাখ্যা দিয়েছে। তারা চাইলে মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে আপডেট জানাতে পারেন। মেডিকেল টিমের পক্ষ থেকে সবার প্রিয় শরীফ ওসমান হাদির জন্য বিনীতভাবে দোয়ার অনুরোধ জানানো হচ্ছে।
৯. হাসপাতালে ভিড় না করার অনুরোধ: অযথা কেউ হাসপাতালে এসে ভিড় করবেন না এবং কোনো ভিজিটরকে এখানে ঢুকতে দেওয়া হবে না।
১০. ভুল তথ্য প্রচার না করা: সবার কাছে অনুরোধ, কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখুন। রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে।
১১. চিকিৎসা অব্যাহত: মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারি ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিকেল বোর্ড ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।