টলিউড তারকা শুভশ্রী গাঙ্গুলি এবং তার ছেলে ইউভান বর্তমানে দুবাইয়ের একটি হোটেলে অবস্থান করছেন। গত শনিবার তারা সেখানে পৌঁছালেও পরদিন থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে হামলার খবরের পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটক ও সাধারণ নাগরিকদের ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতায় বসে উদ্বিগ্ন রাজ চক্রবর্তী শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, পরিবারের সদস্যদের নিয়ে তিনি অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন। রাজ বলেন, “ওরা গত শনিবারই দুবাই পৌঁছেছে। কিন্তু এরপর থেকেই পরিস্থিতি খুব জটিল হয়ে পড়েছে। ওরা পাম জুমেইরাহ এলাকার একটি হোটেলে আটকা পড়েছে। ইউভান সঙ্গে থাকায় আমাদের চিন্তাটা একটু বেশি হচ্ছে।”
নিরাপদ আশ্রয়ে শুভশ্রী ও ইউভান হোটেলের অদূরেই বিস্ফোরণের ঘটনা ঘটলেও শুভশ্রী ও ইউভান বর্তমানে নিরাপদ আছেন বলে জানিয়েছেন রাজ। দুবাইয়ে অবস্থানরত তাদের কিছু পরিচিত বন্ধু ও আত্মীয় পরিস্থিতি সামাল দিতে সাহায্য করছেন। রাজের ভাষ্যমতে, “আমি দুশ্চিন্তায় আছি ঠিকই, তবে এখনো আতঙ্কিত নই।” শুভশ্রীর সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।
অন্যান্য তারকাদের অবস্থান শুধু শুভশ্রী নন, একই পরিস্থিতির কারণে দুবাইয়ে আটকা পড়েছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান এবং ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। মধ্যপ্রাচ্যের আকাশপথ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় অনেক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।
সরকারি সহায়তার পরিকল্পনা পরিবারকে দেশে ফিরিয়ে আনতে এখনো সরকারি কোনো দপ্তরে যোগাযোগ করেননি রাজ চক্রবর্তী। তিনি আশা করছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং শুভশ্রী ও ইউভান নিরাপদে কলকাতায় ফিরতে পারবেন। উল্লেখ্য, বর্তমানে রাজ তার মেয়ে ইয়ালিনিকে নিয়ে কলকাতায় অবস্থান করছেন।