• জাতীয়
  • শ্যুটারকে নিজেদের ‘এজেন্ট’ দাবি করে ভারতীয়দের উল্লাস

শ্যুটারকে নিজেদের ‘এজেন্ট’ দাবি করে ভারতীয়দের উল্লাস

দ্য ডিসেন্টের ইনভেস্টিগেশন

জাতীয় ১ মিনিট পড়া
শ্যুটারকে নিজেদের ‘এজেন্ট’ দাবি করে ভারতীয়দের উল্লাস

ওসমান হাদিকে হত্যাচেষ্টা

হত্যাচেষ্টার পর স্বাধীন অনুসন্ধানী গণমাধ্যম দ্য ডিসেন্ট হত্যাচেষ্টাকারীদের পরিচয় প্রকাশ করে। হাদির ওপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার এবং সব রাজনৈতিক দল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর ঠিক বিপরীত প্রতিক্রিয়া জানাচ্ছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক অনলাইন অ্যাক্টিভিস্টরা।

অনলাইনে এবং মোবাইল ফোনে অব্যাহত হত্যার হুমকির মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার ব্যস্ত রাস্তায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পেছন মোটরসাইকেলে চড়ে এসে দুজন সন্ত্রাসী ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে ‘আশঙ্কাজনক’ অবস্থায় ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দ্য ডিসেন্ট গত দুই দিনে এক্সে অনুসন্ধান চালিয়ে ভারত থেকে পরিচালিত বেশ কিছু অ্যাকাউন্ট শনাক্ত করেছে, যারা হাদির হত্যাচেষ্টার পর উল্লাস করেছে এবং এই আক্রমণকারীদের ভারতীয় স্বার্থরক্ষাকারী ‘এজেন্ট’ হিসেবে আখ্যায়িত করে ধন্যবাদ জানিয়েছে।

এ ছাড়া ওসমান হাদির একটি ফেসবুক পোস্টকে ভুলভাবে ব্যাখ্যা করে হত্যাকে সমর্থন ও ‘প্রয়োজনীয়’ আখ্যা দেওয়া হয়েছে। ভারতের সাবেক সেনা কর্মকর্তা এবং ভারতীয় ক্যাম্পেইন গ্রুপ Youth4Nation – TN Chapter-এর সাধারণ সম্পাদক মেজর মাধান কুমার (অব.) এক্স পোস্টে দাবি করেছেন, ওসমান হাদি ভারতের উত্তর-পূর্ব অঞ্চল দখল করে ‘গ্রেটার বাংলাদেশ’ গড়ে তুলতে চেয়েছিলেন এবং ঢাকায় অজ্ঞাতপরিচয়দের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন।

মেজর মাধান কুমারের সাম্প্রতিক এক্স পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, তিনি ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপির) পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

অনুসন্ধানে দেখা যায়, শনিবার সকাল থেকে একযোগে কয়েক ডজন ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ‘ওসমান হাদি ভারতের উত্তর-পূর্ব অঞ্চল দখল করতে চেয়েছিলেন’—এমন দাবি ছড়িয়ে দেওয়া হয়।

ভারতীয় অ্যাকাউন্ট BhikuMhatre এক এক্স পোস্টে একই দাবি করেন। এ ছাড়া তিনি দাবি করেন, ভারতীয়রা কিছু Dhurandar-এর জন্য নিরাপদ আছে। পোস্টটির সঙ্গে তিনি একটি চলচ্চিত্রের দৃশ্য যুক্ত করেন, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-কে প্রশংসা করা হয়।

“ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বহু পোস্টে Dhurandar হ্যাশট্যাগ ব্যবহার করে হামলাকারীদের ‘ধন্যবাদ’ জানানো হয়েছে।”

উগ্র হিন্দুত্ববাদী অ্যাক্টিভিস্ট এবং বিজেপির ক্যাম্পেইনার ড. রাজেশ পাটিল এক দীর্ঘ পোস্টে ওসমান হাদির তথাকথিত ভারত দখলের মনগড়া পরিকল্পনা বর্ণনা করে দাবি করেন, একজন Dhurandar হাদিকে তার ভারতবিরোধিতার জন্য হত্যা করার সিদ্ধান্ত নেয়।

এ ছাড়া তিনি দাবি করেন, যারা ভারতবিরোধিতা করবে, Dhurandar তাদের দেখে নেবে এবং ভারত যেভাবে বাংলাদেশ তৈরি করছে, সেভাবে চাইলে ধ্বংস করতেও পারে।

Bhakt Prahlad নামের আরেক ভারতীয় অ্যাক্টিভিস্ট ওসমান হাদিকে ভারতবিরোধী দাবি করে লেখেন, ‘এটা নতুন ভারত—Dhurandhar তোমার জায়গায় গিয়ে তোমাকে হত্যা করবে।’

Dhurandhar-কে ধন্যবাদ জানিয়ে একই দাবি করেছে আরেক ভারতীয় TARUN। India Strikes নামে আরেক ভারতীয় দাবি করেছেন, DHURANDHAR বাংলাদেশে সক্রিয় এবং ওসমান হাদী যে ভারত দখল করতে চেয়েছিলেন, সে কারণেই তাকে গুলি করা হয়েছে।

Tags: ভারত শ্যুটার