• জাতীয়
  • ওসমান হাদিকে বিদেশে নেওয়ার আলোচনা চলছে: ফাতিমা তাসনিম জুমা

ওসমান হাদিকে বিদেশে নেওয়ার আলোচনা চলছে: ফাতিমা তাসনিম জুমা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সিটিস্ক্যানে তাঁর মস্তিষ্কের ফোলা আরও বেড়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

জাতীয় ১ মিনিট পড়া
ওসমান হাদিকে বিদেশে নেওয়ার আলোচনা চলছে: ফাতিমা তাসনিম জুমা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে স্থানান্তরের আলোচনা চলছে। ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, হাদিকে বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে জানানো হবে। এদিকে, তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড হাদির শারীরিক অবস্থা 'অত্যন্ত উদ্বেগজনক' বলে জানিয়েছে।

শারীরিক অবস্থা 'উদ্বেগজনক', বাড়ছে মস্তিষ্কের ফোলা

ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাঁর চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মেডিকেল বোর্ড জানায়, সকালে পুনরায় করা সিটিস্ক্যানে দেখা গেছে, হাদির মস্তিষ্কের ফোলা আরও বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি নির্দেশ করে । ব্রেন স্টেমে আঘাত এবং মস্তিষ্ক অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে রোগীর রক্তচাপের ওঠানামাও বেড়েছে। হাদির হার্টবিটও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। বর্তমানে রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট চলমান রয়েছে ।

বিদেশে স্থানান্তরে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

মেডিকেল বোর্ড সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। বোর্ড আরও জানায়, এ অবস্থায় যদি হাদিকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়, সে ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ড সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে ।

কিছু ক্ষেত্রে স্থিতিশীলতা

শারীরিক অবস্থা উদ্বেগজনক হলেও কিছু ক্ষেত্রে পজিটিভ অবস্থার কথাও জানিয়েছে মেডিকেল বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাদির ফুসফুসের কার্যকারিতা ও মেকানিকেল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি দেখা যায়নি। চেস্ট ড্রেইন টিউবও সচল রয়েছে। এছাড়াও রোগীর কিডনির কার্যক্ষমতাও বর্তমানে বজায় আছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা আগের চেয়ে কমেছে ।

হরমোনগত ভারসাম্যহীনতা ও অন্যান্য চ্যালেঞ্জ

ব্রেন ইনজুরির কারণে হাদির শরীরে কিছু হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যা প্রতি ঘণ্টায় ইউরিন উৎপাদনে প্রভাব ফেলছে। এই কারণে এসিড-বেস ব্যালেন্স, ফ্লুইড ও ইলেক্ট্রোলাইট অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা করা হচ্ছে । এছাড়া, রক্ত জমাটবাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতাও অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে। ব্লাড সুগারের ওঠানামা এই ধরনের জটিল অবস্থায় একটি পরিচিত ক্লিনিক্যাল চ্যালেঞ্জ, যা মেডিকেল টিম সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণে রাখছে ।

হাসপাতালে ভিড় না করার আহ্বান

মেডিকেল বোর্ড অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ।

Tags: evercare hospital medical board foreign treatment osman hadi sharif osman bin hadi fatema tasnim juma