চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন বুদ্ধিজীবীরা; যারা ছিলেন দেশের বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড । শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও অপূর্ণাঙ্গ স্বাধীনতা
মেয়র বলেন, শহীদুল্লা কায়সার, জহির রায়হান, ডা. আব্দুল আলিম, গোবিন্দচন্দ্রসহ আরও অনেকে প্রাণ দিয়ে দেশের বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড গঠনের দায়িত্ব পালন করছিলেন। তাদের আত্মত্যাগের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তবে, তিনি আক্ষেপ করে বলেন, স্বাধীনতার আদর্শ— ন্যায্য্যতা, সাম্য, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার আজও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি ।
গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আহ্বান
ডা. শাহাদাত আসন্ন নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। জনগণ দীর্ঘকাল সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের অভিজ্ঞতা পায়নি, তাই এবার তারা উৎসবমুখর পরিবেশে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় ।
তিনি আরও বলেন, শহীদরা স্বাধীন বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন। আমরা যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ চাই, তবে হারানো অধিকার পুনরুদ্ধার করতে হবে। এ সময়ে ভোটারের অংশগ্রহণ এবং 'আমার ভোট আমি দেব' চর্চার পুনর্জাগরণ অত্যন্ত প্রয়োজন । শ্রদ্ধা নিবেদনের সময় মেয়রের সঙ্গে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।