ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ নিয়ে ইসরায়েলের উদ্বেগ
মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় সম্প্রসারণ করছে বলে মনে করছে তেল আবিব।
ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের চেষ্টা একটি তাৎক্ষণিক হুমকি। একই সঙ্গে দেশটির পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র পুনর্গঠনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল।
ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
সূত্রমতে, আগামী ২৯ ডিসেম্বর ফ্লোরিডার মার-এ-লাগোতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব উদ্বেগ তুলে ধরতে পারেন। তিনি ট্রাম্পকে বোঝাতে চাইবেন যে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ শুধুমাত্র ইসরায়েলের জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্যও ঝুঁকিপূর্ণ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তাতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা সহযোগিতার সম্ভাবনাও নেতানিয়াহু আলোচনায় আনতে পারেন। তবে রয়টার্স এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে।