ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ী তিন সাংবাদিক
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর আয়োজনে ‘ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড ও সদস্য লেখক সম্মাননা’ অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। তিনি জুরি বোর্ডের প্রধান রিয়াজ আহমেদের সাথে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এবার তিনটি ভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত হয়েছেন—
১. প্রিন্ট ক্যাটাগরি: আরিফুজ্জামান মামুন (কূটনৈতিক প্রতিবেদক, দৈনিক আমাদের সময়)। ২. টেলিভিশন ক্যাটাগরি: মাহফুজুর রহমান মিশু (ফরেন অ্যাফেয়ার্স এডিটর, যমুনা টেলিভিশন)। ৩. অনলাইন ক্যাটাগরি: অপূর্ব কুমার পিকে (কূটনৈতিক প্রতিবেদক, সারাবাংলা ডট নেট)।
ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম কূটনৈতিক সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, “বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় কূটনৈতিক সাংবাদিকরা পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে গঠনমূলক ভূমিকা রেখে চলেছেন।”
তিনি আশা প্রকাশ করেন যে, কূটনীতিক বিটের সাংবাদিকরা ভবিষ্যতেও তাঁদের দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে দেশের স্বার্থে আরও কার্যকর অবদান রাখবেন। একইসঙ্গে, সাংবাদিকদের উৎসাহিত করার জন্য ডিক্যাব-এর এই উদ্যোগেরও তিনি ভূয়সী প্রশংসা করেন।