• জাতীয়
  • সংখ্যালঘুদের ওপর সহিংসতায় তীব্র ক্ষোভ, জড়িতদের দ্রুত শাস্তি দাবি ঐক্যমোর্চার

সংখ্যালঘুদের ওপর সহিংসতায় তীব্র ক্ষোভ, জড়িতদের দ্রুত শাস্তি দাবি ঐক্যমোর্চার

চলতি বছর জুড়ে অর্ধ-সহস্রাধিক সহিংসতার ঘটনা ঘটেছে, ডিসেম্বরের প্রথম তিন সপ্তাহেই পাঁচজন নিহত। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে সংখ্যালঘু ঐক্যমোর্চা।

জাতীয় ১ মিনিট পড়া
সংখ্যালঘুদের ওপর সহিংসতায় তীব্র ক্ষোভ, জড়িতদের দ্রুত শাস্তি দাবি ঐক্যমোর্চার

চলতি বছর জুড়ে সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অর্ধশতাধিক হত্যাসহ অর্ধ-সহস্রাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। ডিসেম্বর মাসের প্রথম তিন সপ্তাহে পাঁচজন সংখ্যালঘুকে নির্মমভাবে হত্যা করার মতো রোমহর্ষক ঘটনার প্রতিবাদে সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সংখ্যালঘু ঐক্যমোর্চা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

চলতি বছরের সহিংস চিত্র ও ডিসেম্বরের হত্যাযজ্ঞ সংখ্যালঘু ঐক্যমোর্চার এই বিক্ষোভ সমাবেশ থেকে চলতি বছরের সামগ্রিক সহিংসতার চিত্র তুলে ধরা হয়। জানানো হয়, এই বছর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অর্ধশতাধিক হত্যাকাণ্ড এবং পাঁচ শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে ডিসেম্বরের প্রথম তিন সপ্তাহে পাঁচটি হত্যাকাণ্ড পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

সাম্প্রতিক নৃশংস ঘটনাসমূহ সমাবেশে সাম্প্রতিক কয়েকটি নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ দেওয়া হয়:

  • নরসিংদীর রায়পুরা: ২ ডিসেম্বর স্বর্ণ ব্যবসায়ী প্রাণতোষ কর্মকারকে হত্যা করা হয়।
  • ফরিদপুরের সালফা: ৫ ডিসেম্বর মৎস্য ব্যবসায়ী উৎপল সরকারকে নির্মমভাবে হত্যা করা হয়।
  • রংপুরের তারাগঞ্জ: ৬ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে হত্যা করা হয়।
  • ময়মনসিংহের ভালুকা: ১৮ ডিসেম্বর ধর্ম অবমাননার অজুহাতে গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে অর্ধমৃত করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে বর্বরোচিতভাবে হত্যা করা হয়।
  • ঝিনাইদহ: ১৯ ডিসেম্বর গোপাল বিশ্বাস নামের এক রিকশাচালককে 'র'-এর এজেন্ট ট্যাগ দিয়ে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

নেতাদের উদ্বেগ ও নির্বাচনের গ্রহণযোগ্যতা সংখ্যালঘু নেতারা এই ধরনের রোমহর্ষক ঘটনা অব্যাহত রাখাকে স্বার্থান্বেষী অশুভ মহলের তৎপরতা হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এই মহল চলমান পরিস্থিতিকে অস্থিতিশীল করতে এবং আগামী সংসদ নির্বাচনে সংখ্যালঘু জনগোষ্ঠীকে নির্ভয়ে-নির্বিঘ্নে ভোটদান থেকে আতঙ্কিত ও নিরুৎসাহিত করতে চাইছে। তারা হুঁশিয়ারি দেন যে, গণতন্ত্রে উত্তরণের পথে এমন বাধা অপসারিত না হলে তা প্রকারান্তরে নির্বাচনের গ্রহণযোগ্যতাকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করতে পারে।

ঐক্যমোর্চার দাবি ও কর্মসূচি বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিওর সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের (একাংশ) নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে-এর পরিচালনায় এই সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, প্রেসিডিয়াম সদস্য অ্যাড. সুব্রত চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। তারা অনতিবিলম্বে সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ, সহিংসতাকারীদের গ্রেপ্তার এবং তাদের শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। নেতারা আরও জানান, একই দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Tags: minority rights bangladesh violence national press club protest religious minority atrocities minority unity front