মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় দলের শীর্ষস্থানীয় নেতা ও বিপুলসংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন। এর আগে, বিএনপির পক্ষ থেকে নিয়ম অনুযায়ী বিকেলে দলের নেতারা স্মৃতিসৌধের বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের ভিড়
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
নিরাপত্তায় কড়া ব্যবস্থা
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, বিজিবি, আনসার ও সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয় স্মৃতিসৌধ এলাকায়।
উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় নেতারা
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
জিয়াউর রহমানের মাজার জিয়ারত
স্মৃতিসৌধে আসার আগে শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছে জিয়ারত ও মোনাজাত করেন।