শ্বাসরোধে হত্যা ও লাশের উদ্ধার গাজীপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা হাজি মার্কেট ঈমান আলী মোড় এলাকার রমিজ আলীর মালিকানাধীন রমিজ ভিলার তৃতীয় তলার একটি ঘরে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত সুমা ও পলাতক স্বামী দুলু দুজনই চান্দনা এলাকার টেক্স ইউরো বিডি গার্মেন্টে চাকরি করতেন।
পুলিশ ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর, ২০২৫) রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ঝগড়ার জেরেই রাত ১২টার দিকে স্বামী জালাল উদ্দিন দুলু তাঁর স্ত্রী সুমাকে শ্বাসরোধ করে হত্যা করেন।
পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর, ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে দুলু তাঁর শ্বশুর মিরাজুল ইসলামকে ফোন করে জানান— ‘আপনার মেয়েকে মেরে ফেলেছি, লাশ নিয়ে যান।’ খবর পেয়ে সুমার এক আত্মীয় ওই বাড়িতে গিয়ে ঘরের দরজায় তালা ঝুলতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে কম্বল দিয়ে ঢাকা অবস্থায় সুমার মরদেহ দেখতে পায়।
তদন্ত ও মামলা গাজীপুর মহানগরের বাসন থানার ওসি হারুন অর রশিদ জানান, নিহত সুমার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পূর্ব নড়াইল এলাকায় এবং অভিযুক্ত জালাল উদ্দিন দুলুর বাড়ি রংপুর জেলায়। তারা এই এলাকায় ভাড়া থাকতেন এবং তাদের মধ্যে প্রায়ই নানা বিষয়ে ঝগড়া হতো। ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শুক্রবার সুমার বাবা মিরাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত দুলুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।