শিরোপার দৌড়ে এগিয়ে গেল ম্যানসিটি
দীর্ঘদিনের গোলখরা কাটিয়ে ম্যানচেস্টার সিটিকে গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন তাদের ১০ নম্বর জার্সিধারী রায়ান শেরকি। তিনি শুধু জয়সূচক গোলটিই করেননি, দলের প্রথম গোলটিতেও সহায়তা করেছেন। ৮৩তম মিনিটে তার দ্বিতীয় গোলে পেপ গার্দিওলার দল টানা ষষ্ঠ জয় নিশ্চিত করে।
এই তিন পয়েন্ট নিয়ে সিটি এখন টেবিলের শীর্ষে। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৪০। এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে আর্সেনাল এখন দ্বিতীয় স্থানে। তাদের পরের ম্যাচ ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের বিপক্ষে।
প্রথমার্ধে গোলশূন্য লড়াই
ম্যাচের প্রথমার্ধে দুই দলই কিছু সুযোগ তৈরি করলেও কেউই গোলের লক্ষ্যে শট নিতে পারেনি। সপ্তম মিনিটে নটিংহ্যাম ফরেস্ট গোলের খুব কাছে গিয়েছিল। ক্যালাম হাডসন-ওডোয়েরের ক্রস ইগোর জেসুস ও মর্গান গিবস-হোয়াইটের কেউই পায়ে লাগাতে পারেননি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় পরিবর্তন
বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে যায়। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মাথায় অতিথিরা প্রথম গোলের দেখা পায়। শেরকির বাড়ানো বলে নিচু শটে ফরেস্ট গোলকিপার জন ভিক্তরকে পরাস্ত করেন রেইন্ডার্স, স্কোর হয় ১-০। ব্যবধান ১-০ রাখতে ব্রাজিলের কিপার জন শেরকির পোস্টে নেওয়া একটি শট দারুণ দক্ষতায় রুখে দেন।
৫৪তম মিনিটে নটিংহ্যাম পাল্টা জবাব দেয়। গিবস-হোয়াইট কাউন্টার অ্যাটাক থেকে জেসুসকে বল দেন, যা থেকে ১২ গজ দূর থেকে জাল কাঁপান হাচিনসন। ম্যাচে সমতা ফেরে। এরপরেও ফরেস্ট দ্বিতীয় গোলের চেষ্টা চালায়। ৬৬তম মিনিটে সুযোগ তৈরি করলেও নিকো উইলিয়ামসের শট ফিরিয়ে দেন জিয়ানলুইজি দোনারুমা। রাইট ব্যাক নিকোলা সাভোনা ফিরতি শট নিলেও তা গোলবারের উপর দিয়ে চলে যায়।
শেরকির জয়সূচক গোল ও গার্দিওলার মন্তব্য
ম্যাচের গতিপথ আবার পাল্টে দেন ফিল ফডেন। তিনি তার পায়ের দারুণ কাজে গোলের সুযোগ তৈরি করলেও জন অসাধারণ সেভ করে তা রুখে দেন। তবে শেষ পর্যন্ত জয় আদায় করে ম্যানসিটি। কর্নার থেকে উড়ে আসা বল পেয়ে শেরকি ১২ গজ দূর থেকে নিচু শটে দলের দ্বিতীয় ও জয়সূচক গোলটি করেন।
ম্যাচ শেষে কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আমরা ১৮ ম্যাচ খেললাম, প্রথম ধাপের খেলা শেষ করেছি। দ্বিতীয় ধাপে আমরা জানি এই ধরনের অনেক ম্যাচ খেলতে হবে। প্রিমিয়ার লিগ অনেক কঠিন, অনেক কঠিন। ক্রিসমাসে যা ওজন বাড়িয়েছিলাম, তা আজ হারিয়েছি। আজ আমাদের জয় কিংবা পরাজয়ে সবকিছু শেষ হতো না। আমাদের অনেক খেলা বাকি আছে।’