সহজ ভাষায় গান খোঁজার সুবিধা
নতুন এই ইন্টিগ্রেশনের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজ ভাষায় তাদের কাঙ্ক্ষিত গান খোঁজার অনুরোধ করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি চ্যাটজিপিটিকে বলতে পারেন, 'আমার জন্য ৩০টি রক অ্যান্ড রোল ক্রিসমাস গানের একটি প্লেলিস্ট তৈরি করো, তবে ক্লাসিক গান বাদ দিতে হবে।' এমনকি কোনো নির্দিষ্ট টিভি শো বা সিনেমার থিম অনুযায়ীও প্লেলিস্ট তৈরি করা সম্ভব। চ্যাটজিপিটি নির্বাচিত গানগুলো দিয়ে আপনার অ্যাপল মিউজিক অ্যাকাউন্টে সরাসরি প্লেলিস্টটি যুক্ত করে দেবে।
অজানা গানেরও সন্ধান
যদি কোনো গানের নাম মনে না থাকে, সেক্ষেত্রেও চিন্তার কিছু নেই। ব্যবহারকারীরা কেবল অস্পষ্ট বা বর্ণনাধর্মী অনুরোধের মাধ্যমে গান খুঁজতে পারবেন। যেমন— 'কোনো সিনেমার রোমান্টিক গান' অথবা 'মেজাজ অনুযায়ী গান' ইত্যাদি লিখে দিলেই চ্যাটজিপিটি সেই গানগুলির সন্ধান দেবে।
ব্যক্তিগত সুপারিশ (পার্সোনালাইজড রেকমেন্ডেশন)
এই সংযোজনের একটি অন্যতম বড় সুবিধা হলো ব্যক্তিগত পছন্দের উপর ভিত্তি করে গানের সুপারিশ। চ্যাটজিপিটি আপনার আগে শোনা গান ও পছন্দের শিল্পীদের তথ্য মনে রেখে নতুন গান ও শিল্পীর পরামর্শ দিতে পারবে। এটি আপনার মিউজিক অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত (পার্সোনালাইজড) এবং মজাদার করে তুলবে।
ব্যবহারের পদ্ধতি ও সতর্কতা
অ্যাপল মিউজিক ব্যবহারের জন্য প্রথমে চ্যাটজিপিটির অ্যাপ ডিরেক্টরিতে যেতে হবে এবং অ্যাপল মিউজিকের সঙ্গে অ্যাকাউন্টটি কানেক্ট করে লগইন করতে হবে। এরপর চ্যাটবক্সে @AppleMusic লিখে সরাসরি অ্যাপটি ব্যবহার করা যাবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে— চ্যাটজিপিটিতে গানের কেবল ছোট স্যাম্পল শোনা যাবে, পুরো গান স্ট্রিম করার জন্য অ্যাপল মিউজিক অ্যাপটিই ব্যবহার করতে হবে।