বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফ্রান্স বিএনপি এক দোয়া মাহফিলের আয়োজন করে। সেখানে বক্তারা বলেছেন, আপসহীন রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমৃত্যু লড়াই করে গেছেন।
প্যারিসে প্রবাসীদের শ্রদ্ধাজ্ঞাপন বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় প্যারিস সংলগ্ন কাত্র শেমাঁ অবেরভিলিয়ে বাংলাদেশ কমিউনিটি জাতীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফ্রান্স বিএনপি সাবেক সহসভাপতি সিরাজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বাংলাদেশের ভূখণ্ডে যতদিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই থাকবে, ততদিন মুক্তিকামী দেশপ্রেমিক জনগণ তার জীবন থেকে সাহস ও প্রেরণা খুঁজে নেবে।
উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তারাও ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের মিশন উপ-প্রধান এহসানুল হক, দূতাবাসের কাউন্সিলর ওয়ালিদ বিন কাশেম এবং দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিলসহ কূটনৈতিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা দোয়া মাহফিলে ফ্রান্স বিএনপির পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা দেওয়া হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান প্রদর্শনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তার উপদেষ্টা পরিষদ এবং সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক।