বাংলাদেশের খ্যাতিমান কবি, লেখক ও গীতিকার ডা. সাবরিনা রুবিন আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সৃজনশীলতার স্বাক্ষর রাখছেন। তার সাহিত্যকর্ম, সংগীত এবং মানবিক কর্মকাণ্ড রাশিয়া, আমেরিকা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসিত।
শুভমিতা'র কণ্ঠে নতুন গান
সম্প্রতি ডা. সাবরিনা রুবিনের লেখা 'এখানেই সব কিছু শেষ হোক' শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় শিল্পী শুভমিতা ব্যানার্জি। গানটির সংগীতায়োজন করেছেন কলকাতার সংগীত পরিচালক দেব গৌতম। দেব গৌতম ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হওয়ার পর থেকেই গানটি দর্শক-শ্রোতাদের ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। নতুন বছরের শুরুতে প্রকাশ পেতে চলেছে ডা. সাবরিনা রুবিনের লেখা এবং ঊষা উত্থুপের গাওয়া আরও একটি নতুন গান।
সাহিত্যকর্মে আন্তর্জাতিক পরিচিতি
ডা. সাবরিনা রুবিন বাংলা ও ইংরেজি উভয় সাহিত্যেই সমানভাবে দক্ষ। তার ইংরেজি কাব্যগ্রন্থ 'Limitless Love' এবং 'Sudden Spring Again' আন্তর্জাতিক পাঠকমহলে বেশ প্রশংসিত হয়েছে। বাংলায় প্রকাশিত তার 'নিষিদ্ধ নির্বাসন', 'মাত্রাহীন সমীকরণ' এবং 'বিহঙ্গী' বইগুলো বাংলা সাহিত্যপ্রেমীদের মধ্যে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। বিশ্বজুড়ে তার পিকটোরিয়াল পোয়েট্রি (Pictorial Poetry) এবং মেন্টাল হেলথ পোয়েট্রি (Mental Health Poetry) ব্যাপক সাড়া ফেলেছে, যা বাংলাদেশে লেখকদের মধ্যে এই প্রথম। মানসিক স্বাস্থ্যকেন্দ্রিক কবিতায় তিনি বাংলাদেশের একমাত্র লেখিকা হিসেবে বিশেষ পরিচিতি পেয়েছেন। ২০২০ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে পিকটোরিয়াল পোয়েট্রিতে সম্মানিত হন।
সংগীত জগতে বিচরণ ও আন্তর্জাতিক সহযোগিতা
দেশীয় সংগীত জগতের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সাবরিনা রুবিনের সক্রিয় পদচারণা রয়েছে। তিনি ভারতের মালায়ালাম চলচ্চিত্রে কাজ করেছেন এবং তামিল সিনেমায় বাংলা গীতিকথা লিখেছেন। ভারতের কিংবদন্তী শিল্পী হৈমন্তী শুক্লা, ঊষা উত্থুপ এবং দেব গৌতম তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়া, বাংলাদেশের শিল্পী শুভ্র দেব, শান শায়খ ও তাসনিম স্বর্ণাও তার লেখা গান গেয়েছেন।
অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা
সাহিত্য অঙ্গনে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. সাবরিনা রুবিন বহু আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ইয়াসির আরাফাত ওয়ার্ল্ড পিস অ্যাওয়ার্ড, চেকভ ব্রোঞ্জ অনার, গুজরাট সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ও মোটিভেশনাল স্ট্রিপস অনার, মুনির মেজিয়েদ অ্যাওয়ার্ড ইন লিটারেচার, তাজাকিস্তানের সিপে অ্যাওয়ার্ড এবং রবীন্দ্রনাথ সম্মাননা। তিনি রোমানিয়ার আন্তর্জাতিক সংগঠন মুনির মেজিয়েদ ফাউন্ডেশনের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির সক্রিয় সদস্য। এছাড়াও, তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড (BIFA), বাংলাদেশ অ্যাচিভার্স আওয়ার্ড এবং মর্যাদাপূর্ণ 'রবীন্দ্রনাথ ঠাকুর মেমোরিয়াল লিটারারি অনার্স ২০২২' সম্মাননায় ভূষিত হয়েছেন। সম্প্রতি অ্যামাজন থেকে প্রকাশিত হয়েছে তার লেখা গায়ক শুভ্র দেবের বায়োগ্রাফি।