বগুড়া-৭ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ
বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, বগুড়া-৭ আসনে মোট চারজন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, কারণ তার দলীয় মনোনয়নপত্রে সভাপতি ও মহাসচিবের স্বাক্ষর ছিল না।
এই আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির মোরশেদ মিলটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম।
বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ, বাতিল ৩ জনের
এদিকে, বগুড়া-৬ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং তিনজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বিভিন্ন ত্রুটির কারণে এ আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর দিলরুবা নূরীর মনোনয়ন বাতিল করা হয় সম্পদের বিবরণী দাখিল না করার কারণে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নুমান মো. মামুনুর রশিদের শিক্ষাগত যোগ্যতার সনদ জমা না দেওয়ায় এবং অসম্পূর্ণ হলফনামা দাখিল করায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর আব্দুল্লাহ আল ওয়াকিরের মনোনয়নপত্র বাতিল করা হয়।