মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গত ১৫ মাসে দেশে যে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে, তা অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় সফলতা। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের অর্জন ও রূপান্তর উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ নতুন ধারায় কাজ করছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নানা শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হয়েছে, যা গণতন্ত্রের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন মন্ত্রণালয়ে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ সরকারের জন্য প্রয়োজনীয় নীতিগত সংস্কারের পথ প্রশস্ত করা হচ্ছে।
মাংসের দাম ও প্রান্তিক খামারিদের স্বার্থ দেশে গরুর মাংসের উচ্চমূল্য নিয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান দামের ফলে প্রান্তিক খামারিরা তাদের পশুর ন্যায্যমূল্য পাচ্ছেন। তবে সাধারণ মানুষের কথা বিবেচনা করে উৎপাদন ব্যয় কমানোর ওপর জোর দিচ্ছে সরকার। উৎপাদন খরচ কমলে স্বাভাবিকভাবেই মাংসের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।
‘ফোর-এফ (৪-এফ) মডেল’ ও বিএলআরআই-এর ভূমিকা এদিন বিএলআরআই প্রাঙ্গণে ‘ফোর-এফ মডেল’-এর রেপ্লিকা উদ্বোধন করেন উপদেষ্টা। তিনি জানান, এই মডেলটি বাস্তবায়নের মাধ্যমে পশুসম্পদ উৎপাদন বৃদ্ধি এবং ব্যয় হ্রাস করা সম্ভব হবে। বিশেষ করে গরু, ছাগল ও মহিষের মাংসের উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সেমিনারে উপস্থিতি সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) গাজী মো. ওয়ালি-উল-হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান এবং বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।