স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ট্যাবের মতো স্মার্ট ডিভাইসগুলো মাঝে মধ্যেই বিকল হয়ে যায়, বা পুরোনো হলে বিক্রির প্রয়োজন হয়। তবে ডিভাইস অন্যের হাতে তুলে দেওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রায়শই এড়িয়ে যাওয়া হয়—আর তা হলো ব্যক্তিগত ও সংবেদনশীল ডেটার নিরাপত্তা। অজান্তেই আপনার ব্যক্তিগত ছবি, ব্যাংকিং তথ্য বা গুরুত্বপূর্ণ নথি অন্যের হাতে চলে যেতে পারে, যা ভবিষ্যতে ব্ল্যাকমেইল বা প্রতারণার ঝুঁকি তৈরি করে। তাই এই ঝুঁকি এড়াতে কিছু জরুরি পদক্ষেপ নেওয়া অপরিহার্য।
ডেটা ব্যাকআপ ও ফ্যাক্টরি রিসেট ডিভাইসের ভেতরের সব গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভে সংরক্ষণ করে রাখুন। এই ধাপটি সম্পন্ন হওয়ার পর ডিভাইসটিতে 'ফ্যাক্টরি রিসেট' (Factory Reset) করা আবশ্যক। ডেটা সম্পূর্ণভাবে মুছে ফেলতে একবারের পরিবর্তে একাধিকবার ফ্যাক্টরি রিসেট করা উচিত।
হার্ড ড্রাইভ এনক্রিপশন ও সফটওয়্যার ব্যবহার ফ্যাক্টরি রিসেট করার আগে ডিভাইসের হার্ড ড্রাইভ এনক্রিপ্ট (Encrypt) করা হলে ডেটা পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা কমে যায়। যদি ডেটা ডিলিট করার প্রক্রিয়া জটিল মনে হয়, তবে নির্ভরযোগ্য 'ডেটা ওয়াইপ সফটওয়্যার' (Data Wipe Software) ব্যবহার করা যেতে পারে। ডেটা ম্যানুয়ালি ডিলিট করার পর রিসেট করলে তথ্য সম্পূর্ণরূপে মুছে যাওয়ার সম্ভাবনা বাড়ে।
অনলাইন অ্যাকাউন্ট থেকে লগ আউট ডিভাইসটি হস্তান্তর করার আগে নিশ্চিত করুন যে অনলাইন ওয়ালেট, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লগ আউট করা হয়েছে। অটো-সেভ হয়ে থাকা সমস্ত পাসওয়ার্ডও ডিলিট করে দিতে হবে।
IoT সংযোগ বিচ্ছিন্নকরণ অনেক ব্যবহারকারী তাদের স্মার্টফোন বা ল্যাপটপ দিয়ে আইওটি (IoT বা Internet of Things) নির্ভর বিভিন্ন গ্যাজেট নিয়ন্ত্রণ করেন। ডিভাইসটি অন্যের হাতে তুলে দেওয়ার আগে অবশ্যই সেসব সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলবেন না। সবশেষে, পেশাদার টুলের মাধ্যমে যাচাই করে নেওয়া নিরাপদ যে আপনার সব তথ্য নিরাপদে মুছে গেছে।