বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এসব অনুমোদনের বিষয়ে বিস্তারিত তথ্য জানান।
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশে গুরুত্বপূর্ণ পরিবর্তন
শফিকুল আলম বলেন, আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উদ্বেগের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশে 'ডেটা লোকালাইজেশন' সংক্রান্ত বিধানে পরিবর্তন আনা হয়েছে। এখন কেবল 'ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার'-এর (Critical Information Infrastructure) ক্ষেত্রে দেশে ডেটা সংরক্ষণ বাধ্যতামূলক থাকবে। ব্যক্তিগত উপাত্তের ক্ষেত্রে কিছু শিথিলতা আনা হয়েছে এবং কোম্পানির ক্ষেত্রে কারাদণ্ডের পরিবর্তে অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এতে দেশে বিদেশি বিনিয়োগ ও ক্লাউডভিত্তিক সেবায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন কাঠামো
শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশের মাধ্যমে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে ৯টি করা হয়েছে। এর মধ্যে থিয়েটার, চলচ্চিত্র, আলোকচিত্র, নৃত্য ও পারফরম্যান্স আর্ট, সংগীত, চারুকলা, গবেষণা ও প্রকাশনা, নিউ মিডিয়া এবং কালচারাল ব্র্যান্ডিং ও উৎসব প্রযোজনার জন্য পৃথক বিভাগ রাখা হয়েছে। পাশাপাশি একাডেমির বোর্ডে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিধান যুক্ত হয়েছে, যা সাংস্কৃতিক বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি বাড়াতে সহায়ক হবে।
বনজ শিল্প উন্নয়ন করপোরেশনের নতুন কাঠামো
বাংলাদেশ বনজ শিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ-২০২৬ দ্বারা ১৯৫৯ সালের ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করপোরেশন অর্ডিন্যান্সকে যুগোপযোগী করে নতুন কাঠামো তৈরি করা হয়েছে। নতুন কাঠামোতে পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে বনজ সম্পদের টেকসই ব্যবহার, পণ্য বৈচিত্র্য, শোরুম স্থাপন ও যৌথ উদ্যোগের সুযোগ রাখা হয়েছে। গত অর্থবছরে করপোরেশন কর-পূর্ব মুনাফায় ৫৩ কোটি টাকা অর্জন করেছে এবং রাবার শিল্পে প্রথমবারের মতো ৬ কোটি টাকা লাভ করেছে বলেও বৈঠকে জানানো হয়।
গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে এনডিসি-৩ অনুমোদন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রণীত ‘হার্ট ন্যাশনালি ডিটারমাইন কন্ট্রিবিউশন (এনডিসি-৩)’ ভূতাপেক্ষ অনুমোদন পেয়েছে। প্রেসসচিব জানান, ২০২২ সালে বাংলাদেশের গ্রিনহাউস গ্যাস নির্গমন ছিল ২০২.০৪ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য, যা ২০৩৫ সালে ৪১৮.৪০ মিলিয়ন টনে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এনডিসি-৩ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে ৮৪.৯৭ মিলিয়ন টন নিঃসরণ হ্রাসের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নিজস্ব সক্ষমতায় ২৬.৭৪ মিলিয়ন টন এবং আন্তর্জাতিক সহায়তা পাওয়া গেলে আরও ৫৮.২৩ মিলিয়ন টন নিঃসরণ কমানোর পরিকল্পনা রয়েছে।