মোঃ ইব্রাহীম খলিল, গাজীপুর প্রতিনিধি:
“গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে” এমন স্লোগান সম্বলিত নগর ভবন, চান্দনা চৌরাস্তা ওভারব্রিজ, ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের পাশে চেরাগআলী আফতাব সিএনজি পাম্প সংলগ্নসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় এসব বড় বড় বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় লিফলেট বিতরণ, ব্যানার,বিলবোর্ড স্থাপনসহ মাইকিং ও ভ্রাম্যমাণ গাড়িতে করে ভিডিওচিত্র প্রদর্শন করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপুর্ণ স্থানে টাঙানো হয়েছে বিলবোর্ড।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান গণভোট প্রসঙ্গে বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশের ভবিষ্যৎ শাসনব্যবস্থা নির্ধারণে প্রত্যেক নাগরিকের দায়িত্ব হচ্ছে সচেতনভাবে ভোট প্রদান করা। ভোটারদের উপস্থিতি ও সচেতন অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে।
তিনি আরো জানান, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুসরণ করে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গণভোটের বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রচারণামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতোমধ্যে বিশ হাজার লিফলেট ছাপিয়ে প্রতিটি ওয়ার্ডে বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এসব গুরুত্বপুর্ণ স্থানে প্রায় ২০টি বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এছাড়া মাসব্যাপী মাইকিং, ভিডিওচিত্র প্রদর্শনসহ নানা প্রচারণামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে মর্মেও তিনি জানান।
গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে সিটি করপোরেশন পক্ষে থেকে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু করেছে। কিছু এলাকায় বিলবোর্ডের মাধ্যমেও প্রচার চালানো হচ্ছে এবং প্রচারণা বাড়াতে আরও বিলবোর্ড স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য: গত ১ জানুয়ারি বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে সুস্পষ্ট ধারণা দিতে সারাদেশের নগর ও শহরাঞ্চলের জনবহুল স্থানে ডিজিটাল ও ম্যানুয়্যাল বিলবোর্ড স্থাপনের পরামর্শমূলক এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকগণ সশরীরে উপস্থিত ছিলেন। এসময় সারাদেশের মোট ১২টি সিটি করপোরেশন ও ৩৩০টি পৌরসভার প্রশাসকগণ অংশ নেন।
সভায় নগরীর গুরুত্বপূর্ণ স্থানে তথ্যচিত্র প্রদর্শন, উঠান বৈঠক, ভোট আলাপ এবং বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালানোর পাশাপাশি মসজিদের ইমাম ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাধ্যমে ভোটারদের কাছে গণভোটের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরার ওপর গুরুত্বরোপ করা হয়।