• দেশজুড়ে
  • সৈয়দপুরে চোর বলায়, লজ্জা ও অপমানে যুবকের আত্মহত্যা

সৈয়দপুরে চোর বলায়, লজ্জা ও অপমানে যুবকের আত্মহত্যা

দেশজুড়ে ১ মিনিট পড়া
সৈয়দপুরে চোর বলায়, লজ্জা ও অপমানে যুবকের আত্মহত্যা

নীলফামারীর সৈয়দপুরে চুরির অপবাদ ও অপমান সহ্য করতে না পেরে রোকনুজ্জামান (৪০) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

নীলফামারী প্রতিনিধি

শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গুয়াবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত রোকনুজ্জামান ওই এলাকার জহিরুল ইসলাম বাট্টুর ছেলে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে রোকনুজ্জামানের বাড়ির পাশ থেকে আব্দুর রশীদ নামে এক ব্যক্তির একটি গরু হারিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে গরুটির পাওয়া গেলেও কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। ওই রাতেই গরুর মালিক ও কতিপয় স্থানীয় প্রভাবশালী তাকে ডেকে এনে সালিশ বসায়। সালিশ চলাকালে তার কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেয় শালিসকারীরা বলে অভিযোগে জানা যায়। এরপর আজ আব্দুর রশীদ মসজিদের মাইকে রোকনুজ্জামানকে ‘চোর’ হিসেবে ঘোষণা দেন। প্রকাশ্য এই অপমান ও মানসিক চাপে রোকনুজ্জামান নিজ ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোস্তফা আলী বলেন, “গতকাল রাতে রোকনুজ্জামানকে চুরির অভিযোগে ডেকে এনে সালিশ করা হয় এবং তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। সকালে শুনতে পাই সে আত্মহত্যা করেছে।”

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে সকল আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”