ছুরিকাঘাত ও উদ্ধার শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আজিয়ার রহমান বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মৃত হোসেন আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও জিপিএইচ ইস্পাতের নিরাপত্তা প্রহরীরা জানান, আজিয়ার রহমান ছুরিকাঘাতে আহত অবস্থায় মোটরসাইকেল চালিয়ে বন্দর এলাকায় এসে পড়েন। পুলিশকে খবর দেওয়া হলে বন্দর থানার টহল টিম বন্দর এলাকার মহিলা মাদ্রাসার সামনে থেকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে। তখনও তিনি কথা বলতে পারছিলেন, তবে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন এবং তাদের কাছ থেকে ছুটে নিরাপদ স্থানে যাচ্ছিলেন।
অঞ্চলজুড়ে ছিনতাইকারী ও 'গাম পার্টি'র উপদ্রব স্থানীয়দের ভাষ্যমতে, বড়পুল এলাকায় ছিনতাইকারী ও 'গাম পার্টি'দের উপদ্রব মারাত্মকভাবে বেড়েছে। তারা মূলত বিএসআরএম, কেএসআরএম, জিপিএস ইস্পাত শিল্পের স্ক্যারাপ (Scrap) বহনকারী বড় লরিগুলোকে টার্গেট করে। ভাসমান দোকানি মো. রফিক নেওয়াজ জানান, দিন-রাত উভয় সময়েই চোর-ছিনতাইকারী ও 'গাম পার্টি'রা চলন্ত লরি থেকে প্রকাশ্যে স্ক্যারাপ নামিয়ে ফেলে।
কিশোর অপরাধীদের দৌরাত্ম্য বড়পুল মোড়, আগ্রাবাদ, বারিকবিল্ডিং, রসিদ বিল্ডিং—এই অঞ্চলগুলো চোর-ছিনতাইকারী এবং 'গাম পার্টি'দের আখড়া হিসেবে পরিচিত। তারা দিনের আলোতেও প্রকাশ্যে গাম সেবন করে। গাড়ি থেকে স্ক্যারাপ চুরি করা ছাড়াও গভীর রাতে পথচারীদের কাছ থেকে টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিস ছিনতাই করে। সিএনজিচালক কাশেম জানান, এসব অপরাধীর অধিকাংশই কিশোর। তারা চলন্ত ট্রাকের টুলবক্স ভেঙে মালামাল চুরি করে এবং ইস্পাত শিল্প কারখানার লরি থেকে স্ক্যারাপ চুরি করে। জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়কে এমন কর্মকাণ্ডে তারা কোনো দুর্ঘটনার শিকার হতে পারে, সেদিকে তাদের খেয়াল থাকে না।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান বেসরকারি ব্যাংক কর্মকর্তা মো. মনসুর বলেন, আগ্রাবাদ বাদামতলী এলাকায় তিনি প্রায়ই কিশোরদের স্ক্যারাপবাহী লরির পেছনে বিপজ্জনকভাবে ছুটতে দেখেন। তাদের চলন্ত লরিতে ওঠার ভঙ্গি কোনো প্রশিক্ষিত বাহিনীর চেয়েও কম নয়। ভয়ে কেউ তাদের বাধা দিতে সাহস পায় না। লরি থেকে পড়ে যাওয়া স্ক্যারাপ লোহার কারণে প্রাইভেট কারসহ অন্যান্য যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি মনে করেন, আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই এসব বিষয়ে মনোযোগী হতে হবে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নিলে পরবর্তীতে পথচারীদের কাছ থেকে আরও বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটবে।
পুলিশের বক্তব্য ও চলমান তদন্ত বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম কালবেলাকে জানিয়েছেন, নিহত আজিয়ার রহমান একজন 'পাঠাও' চালক ছিলেন। তাঁকে অজ্ঞাত কোনো এলাকায় ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।