চলতি বছরের (১৪৪৭ হিজরি) হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল থেকে। হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে হজ এজেন্সি এবং হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর জন্য কঠোর নির্দেশনা জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের নিয়মাবলি এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়ে রোববার (১১ জানুয়ারি) সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে।
১৮ এপ্রিল থেকে প্রি-হজ ফ্লাইট শুরু ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়, আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ফ্লাইট ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত সকল হজযাত্রীকে একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এ বিষয়ে হজ এজেন্সিগুলোর মালিক এবং হজযাত্রী পরিবহনকারী ৩টি এয়ারলাইন্সকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
যাত্রী পরিবহনে বিশেষ নীতিমালা ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’-এর নীতিমালা অনুযায়ী, প্রতিটি হজ এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে সৌদি আরবে পাঠাতে হবে। এছাড়া প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশকে পাঠানোর নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।
টিকিট ইস্যুর ক্ষেত্রে বিধিনিষেধ মন্ত্রণালয় সুস্পষ্টভাবে জানিয়েছে যে, কোনো হজ এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না। নির্ধারিত এই নিয়মের ব্যত্যয় ঘটানো যাবে না। এ অবস্থায়, সংশোধিত নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ব্যবস্থাপনা ও টিকিট ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।