আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সাতক্ষীরা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আরেফিন জুয়েল মাদক ব্যবসায়ী, চোরাকারবারি এবং নির্বাচন বানচালের অপচেষ্টায় জড়িত বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।
দফাদার-চৌকিদারদের সাথে মতবিনিময় সোমবার (১২ জানুয়ারি) দেবহাটা থানা পরিদর্শনকালে পুলিশ সুপার প্রথমে থানা এলাকার দফাদার ও চৌকিদারদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। বিকেল ৩টার দিকে শুরু হওয়া এই সভায় তিনি সবাইকে গণভোটের প্রচার জোরদার করার পাশাপাশি স্থানীয় অপরাধীচক্রের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করার নির্দেশ দেন। এ সময় তিনি দায়িত্ব পালনে আরও সক্রিয় থাকার আহ্বান জানিয়ে দফাদার ও চৌকিদারদের ব্যক্তিগত সুবিধা-অসুবিধার কথাও শোনেন।
বিট পুলিশিং সভায় কঠোর বার্তা থানা পরিদর্শন শেষে বিকেল ৪টার দিকে দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়ন পরিষদ মাঠে একটি বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগেন, সেজন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে হবে। তিনি স্থানীয় মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, ভূমিদস্যু এবং নির্বাচন বানচালের অপচেষ্টায় জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সজাগ দৃষ্টি রেখে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সভায় সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বায়েজীদ ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ স্থানীয় প্রায় ৪০০ থেকে ৪৫০ জন মানুষ অংশ নেন।