শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচন আয়োজনে বর্তমানে আর কোনো আইনগত বাধা নেই। এই অবস্থান জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন বোর্ড চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছেন চেম্বার প্রশাসক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।
হাইকোর্টের রায় ও আইনি মতামত রোববার (১১ জানুয়ারি) নির্বাচন বোর্ড চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে চেম্বার প্রশাসক উল্লেখ করেন যে, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দেওয়া রায় এবং চলতি বছরের ৭ জানুয়ারির আদেশের কপি চেম্বার কর্তৃপক্ষের হাতে এসেছে। ওই রায়ের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জজ কোর্টের সরকারি কৌঁসুলি মোহাম্মদ কাশেম চৌধুরীর আইনি মতামত নেওয়া হয়। তিনি মত দেন, টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণির ৬টি পদ বহাল রেখে মোট ২৪ পরিচালক পদে নির্বাচন করতে কোনো আইনগত বাধা নেই।
নেতৃত্বশূন্যতার দীর্ঘসূত্রিতা উল্লেখ্য, মামলাজনিত জটিলতায় গত বছরের ১ নভেম্বর ২৪ পরিচালক পদে চেম্বারের নির্বাচন স্থগিত হয়েছিল। দীর্ঘ প্রায় এক বছর ধরে চট্টগ্রামের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন সিসিসিআই নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে চেম্বারের পূর্ণ পর্ষদ পদত্যাগ করলে প্রশাসক দ্বারা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ব্যবসায়ীদের ক্ষোভ ও দাবি চট্টগ্রাম চেম্বারসহ অন্তত ৭টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা নির্বাচন বিলম্ব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, প্রায় এক বছর ধরে চেম্বারে নির্বাচিত নেতৃত্ব না থাকায় সরকারি বিভিন্ন সিদ্ধান্তে চট্টগ্রামের ব্যবসায়ীদের ন্যায্য দাবিদাওয়া কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হচ্ছে না। অন্যান্য ব্যবসায়ী সংগঠনে নির্বাচন অনুষ্ঠিত হলেও চট্টগ্রাম চেম্বারে বিলম্বকে তারা সদিচ্ছার অভাব বলেই মনে করছেন।
নির্বাচনের পথ আংশিকভাবে সুগম হলেও এখনো নতুন ভোটের তারিখ ঘোষণা না হওয়ায় ব্যবসায়ী মহলে অনিশ্চয়তা রয়ে গেছে। তফসিল অনুযায়ী, অর্ডিনারি মেম্বার শ্রেণি থেকে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার থেকে ৬ জন, ট্রেড গ্রুপ থেকে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩ জন পরিচালক নির্বাচিত হবেন। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।