বহু প্রতীক্ষার অবসান
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পর্দা উঠতে চলেছে ভারতীয় সিনেমায় কাল্ট মর্যাদা লাভ করা 'দৃশ্যম' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির। নির্মাতা জিতু জোসেফ বুধবার (১৪ জানুয়ারি) নিজের সোশ্যাল হ্যান্ডেলে 'দৃশ্যম-৩' মুক্তির দিনক্ষণ নিশ্চিত করেছেন। ২ এপ্রিল, ২০২৬ সালে সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
কবে শেষ হয়েছিল শুটিং?
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসেই মোহনলাল তাঁর অংশের শুটিং শেষ করেন। শুটিং শেষে পুরো টিমের সঙ্গে কেক কাটার একটি ভিডিও তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। জানা যায়, ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান 'দাদাসাহেব ফালকে পুরস্কার' পাওয়ার ঠিক আগের দিনই মোহনলাল এই ছবির কাজ শুরু করেছিলেন।
গল্পের মূল উপজীব্য
বহুল প্রশংসিত এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি 'দৃশ্যম-৩'-এর আনুষ্ঠানিক সূচনা হয়েছিল গত বছরের সেপ্টেম্বর মাসে, ভারতের কোচির কাছাকাছি একটি আইন কলেজে আয়োজিত ঐতিহ্যবাহী পূজার অনুষ্ঠানের মাধ্যমে। উদ্বোধনের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিচালক জিতু জোসেফ জানান, এই পর্বে মোহনলাল অভিনীত আইকনিক চরিত্র জর্জকুট্টির জীবনের পরবর্তী অধ্যায় তুলে ধরা হবে। সিনেমার গল্প প্রসঙ্গে জিতু আরও বলেন, “এই ছবিতে দেখানো হবে সাড়ে চার বছর পর জর্জকুট্টির জীবনে কী ঘটে, এই বিষয়টিই গল্পের মূল উপজীব্য।”
কোথায় হয়েছে শুটিং?
টানটান গল্প, সূক্ষ্ম সাসপেন্স এবং মোহনলালের প্রশংসিত অভিনয়ের জন্য ‘দৃশ্যম’ সিরিজ ভারতীয় সিনেমায় এক অনন্য স্থান অধিকার করেছে। এই পর্বের শুটিং হয়েছে ভারতের থোডুপুঝা ও ভাগামনসহ একাধিক মনোরম স্থানে। সিনেমাটির শেষ পাঁচ দিনের শুটিং সম্পন্ন হয়েছে এর্নাকুলামে। প্রথম দুই পর্বে দর্শকদের যে রহস্য, উত্তেজনা ও মানবিক টানাপোড়েনের ভ্রমণে নিয়ে গেছে এই ফ্র্যাঞ্চাইজি, তৃতীয় পর্বেও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করা হচ্ছে।