মুরাদনগরে বিশেষ অভিযান
র্যাব-১১, সিপিসি-২ এর পক্ষ থেকে শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল লাজৈর এলাকায় অভিযান চালায়। এই অভিযানেই একটি চাইনিজ রাইফেল ও একটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
গণঅভ্যুত্থানের সময় লুটপাট
প্রাথমিক তদন্তে র্যাব জানতে পেরেছে যে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে এক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এই সুযোগে দুষ্কৃতকারীরা দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়েছিল। হামলার সময় তারা থানার অভ্যন্তরে সংরক্ষিত সরকারি অস্ত্র, গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ নথিপত্র লুটপাট ও ধ্বংস করে। একদল স্বার্থান্বেষী মহল এবং দুষ্কৃতকারীরা থানার মালখানা ভেঙে বিপুল পরিমাণ সরকারি অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে গিয়েছিল।
গোয়েন্দা নজরদারি জোরদার
র্যাব আরও জানিয়েছে, লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তাদের গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে এবং গোপন সংবাদের ভিত্তিতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ফলস্বরূপ সর্বশেষ এই অভিযানে অস্ত্র দুটি উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে। পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।