১১ দলীয় জোটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
সুনামগঞ্জ-৩ আসনে জোটের চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আল্লাহর শুকরিয়া এবং ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি মোবারকবাদ জানাই। তারা সঠিকভাবে মাঠের জনপ্রিয়তা যাচাই-বাছাই করে আমাকে মূল্যায়ন করেছেন। সকলের সার্বিক সহযোগিতায় আগামী দিনে সুনামগঞ্জ-৩ আসন ১১ দলীয় জোটকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ।'
নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী পাশা চৌধুরী
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে শাহিনুর পাশা চৌধুরী বলেন, 'আমি এরই মধ্যে ৬ বার নির্বাচনে অংশগ্রহণ করে একবার এমপিও হয়েছিলাম। এ পর্যন্ত পৌঁছাতে আমার ৩৫ বছর সময় লেগেছে। আমার প্রতিপক্ষের প্রার্থীরা যারা রয়েছেন, তারা নির্বাচনের মাঠে একেবারে নতুন। কাজেই প্রতিপক্ষকে আমার কাছে মোটেই কঠিন মনে হচ্ছে না। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।'
পূর্বের বিতর্ক এবং বর্তমান রাজনৈতিক অবস্থান
উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন বিতর্কিত 'ডামি' নির্বাচনে তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে সোনালি আঁশ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় সেসময় তাকে জমিয়ত থেকে বহিষ্কার করা হয়। তুমুল বিতর্কের মুখে ওই নির্বাচনে অংশ নিয়ে তিনি জামানত হারান। সর্বশেষ ২০২৪ সালের ১৬ ডিসেম্বর তিনি মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। বর্তমানে তিনি দলটির কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।