দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup), কিন্তু বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এমন পরিস্থিতিতে এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC)-এর চিন্তা বহুগুণ বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান না হলে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার (Geo Super) এবং টেলিকম এশিয়া ডটনেট সূত্রে এই তথ্য জানা গেছে।
নিরাপত্তা উদ্বেগ ও বিসিবি’র অবস্থান ঘটনার সূত্রপাত মূলত মোস্তাফিজুর রহমানের আইপিএল (IPL) থেকে বাদ পড়াকে কেন্দ্র করে। এই ঘটনার পর থেকেই ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। এই উদ্বেগের কারণে BCB ভারত থেকে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো সরিয়ে নিতে ICC-কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়।
আইসিসি-র তৎপরতা ও বিসিবি’র অনড় মনোভাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তাদের এই সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে চেষ্টার কমতি রাখেনি ICC। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা সম্প্রতি ঢাকায় বিসিবি কর্তাদের সঙ্গে আলোচনায়ও বসেছিল। কিন্তু আলোচনার পরও বিসিবি কর্তাদের মন গলেনি, যার ফলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে এখন বড় প্রশ্ন তৈরি হয়েছে।
পাকিস্তানের পূর্ণ সমর্থন সংকট নিরসনে এরই মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিতে মুখিয়ে রয়েছে ইসলামাবাদ। জিও সুপার জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিসিবি যে কারণ দেখিয়েছে, সেগুলোকে বৈধ মনে করছে পাকিস্তান। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সমস্যার সমাধান না হলে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। সেই সঙ্গে ভারত যেন বাংলাদেশকে কোনো চাপ দিতে না পারে, সে বিষয়টিও ইসলামাবাদ গুরুত্ব দিয়ে দেখবে।