সোমবার (১৯ জানুয়ারি) টাঙ্গাইল-৬ স্বতন্ত্র প্রার্থী আশাদুল ইসলাম সিইসির কাছে লেখা ওই আকুতি জানিয়েছেন বলে জানা গেছে। গত ১৬ জানুয়ারি বিকেলে নির্বাচন ভবনে আপিল চলাকালীন বাইরে ইয়াজদায়িন নামের এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়েছে। তিনি শেরপুর-২ আসনের বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন।
ফাহিম চৌধুরী অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন। সিইসিকে লেখা চিঠিতে সিইসিকে আশাদুল ইসলাম বলেন, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে দেশবাসীর সঙ্গে আমি ও আমার পরিবার-পরিজন, সুভাকাঙ্ক্ষী আত্মীয়-স্বজন অবগত হয়েছি যে, গত ১৬ জানুয়ারি শুক্রবার আপনার নির্বাচন সচিবালয় সম্মুখে এক আবেদনকারীকে কতিপয় সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে সবার সম্মুখে আদিম যুগের মতো বর্বর কায়দায় নির্বাচন কমিশন প্রাঙ্গণে কিল-ঘুষি, লাথি, থাপ্পড় ও মারধর করেছে। বিষয়টি আমার পরিবার-পরিজনসহ আমি অত্যন্ত উদ্বিগ্ন ও ভীত এবং চিন্তিত হয়েছি, কারণ আপনাদের সম্মুখে যদি একজন আবেদনকারীকে এভাবে আদিম যুগের মতো বর্বর কায়দায় পেটানো হয় তাহলে আমরা যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি, তাদের প্রতিপক্ষ ও প্রতিপক্ষ রাজনীতি দলের প্রার্থী কর্মী দ্বারা আমরা কতটুকু ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে পারি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনৈতিক দলের মতো কোনো আমাদের সুসংগঠিত কর্মী বাহিনী না থাকাই স্বাভাবিক।
কিন্তু একজন প্রার্থী হিসেবে আমি, আমার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও নির্বাচনের সময় কর্মী বাহিনী, প্রতিপক্ষ প্রার্থী ও রাজনৈতিক দলের প্রার্থী তাদের কর্মীদের দ্বারা এরকম বর্বর সন্ত্রাসী হামলার শিকার হই এবং আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, তার দায়-দায়িত্ব কার? যেহেতু নির্বাচনকালীন তফশীল ঘোষণার পর প্রার্থী কর্মী তথা দেশবাসীর সবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব স্বয়ং নির্বাচন কমিশনের। অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ঘটে যাওয়া ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা আমরা দেশবাসী এখনও জানতে পারিনি। আপনাদের সম্মুখে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার একটি পরীক্ষা মাত্র, আপনারা যদি এই সামান্য পরীক্ষায় প্রার্থী তথা দেশবাসীর কাছে আপনাদের বলিষ্ঠতা প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে দেশবাসী তথা বিশ্ববাসীর কাছে আপনাদের মাধ্যমে অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ নির্বাচন কারো কাছে গ্রহণযোগ্য হবে না।
চিঠিতে তিনি আরও বলেন, বিষয়টিকে হালকাভাবে না নিয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে আসামিদের আইনের নিকট সোপর্দ করে ত্রয়োদশ নির্বাচনের প্রার্থী ও দেশবাসীকে আশ্বস্ত করবেন যে কোনোভাবেই ত্রয়োদশ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেবেন না।