নস্টালজিয়া ছড়াল প্রবাসের আয়োজনে
১৯৯৭ সালে মুক্তি পাওয়া 'ভুলোনা আমায়' ছবির জনপ্রিয় গান 'একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো' গানের দৃশ্যায়ন হয়েছিল ঢাকার গুলশান ওয়ান্ডারল্যান্ডে। আমির হোসেন বাবুর কোরিওগ্রাফিতে এক সন্ধ্যা ও পরদিন সারা রাত ধরে শুটিং করা গানটি তখন থেকেই দর্শকের মনে স্থান করে নেয়। সেই পুরোনো স্মৃতিই যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল গত রোববার (১৯ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যায় নিউইয়র্কের লং আইল্যান্ডে।
শাবনূর ও অমিতের স্বতঃস্ফূর্ত নাচ
যুক্তরাষ্ট্রপ্রবাসী অভিনেতা কাজী মারুফের বাসায় আয়োজিত এক ঘরোয়া পার্টিতে এই স্মৃতিচারণের সুযোগ ঘটে। দীর্ঘদিন পর ঢালিউড তারকা শাবনূরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে এই মিলনমেলার আয়োজন করা হয়। ছেলে আইজান নেহানকে নিয়ে দেড় মাস ধরে দেশটিতে সময় কাটাচ্ছেন শাবনূর। পার্টিতে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, চলচ্চিত্রাঙ্গনের বন্ধু, সহকর্মী ও প্রবাসী শুভানুধ্যায়ীরা। সবাই যখন গল্প আর হাসিতে মগ্ন, ঠিক তখনই বেজে ওঠে সেই চিরপরিচিত গানটি—‘একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো’।
কোনো পূর্বপ্রস্তুতি, স্টেজ বা ক্যামেরার নির্দেশনা ছাড়াই শাবনূর ও অমিত হাসান দাঁড়িয়ে গেলেন মুখোমুখি। শুরু হলো তাঁদের সেই চেনা হাসি ও নাচ। নিউইয়র্কের সেই ঘরোয়া পরিবেশ মুহূর্তে যেন রূপ নিল ঢাকার গুলশান ওয়ান্ডারল্যান্ড পার্কে। উপস্থিত দর্শকেরা মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলেন, অনেকে তাঁদের মুঠোফোনে ধারণ করেন এই বিরল দৃশ্য। নাচের একপর্যায়ে শাবনূরের সঙ্গে যোগ দেন অমিত হাসানের স্ত্রী লাবনী হাসান, যা মুহূর্তটিকে আরও আনন্দময় করে তোলে।
স্মৃতিচারণে দুই তারকা
প্রথম আলোর প্রতিবেদকের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় শাবনূর ও অমিত হাসান নিজেদের আবেগ প্রকাশ করেন। তাঁদের ভাষায়, 'মনে হচ্ছিল, আবার গুলশানের ওয়ান্ডারল্যান্ডের শুটিংয়ের দিনে যেন ফিরে গেছি।'
অমিত হাসান বলেন, 'শাবনূর শুধু সহকর্মী নয়, অসাধারণ বন্ধু এবং আমাদের পরিবারের একজন। ছেলেকে নিয়ে সে আমেরিকায় এসেছে বলেই সবাই মিলে এই সময়টা উদ্যাপন করছি। উপস্থিত সবার অনুরোধে আমরা আমাদের সেই প্রিয় গানটির সঙ্গে নেচেছি। ২৯ বছর আগে অনেক কিছু চিন্তা করে গানটির শুটিং করলেও আজ শুধু আনন্দে আমরা ঘরোয়া আয়োজনে নিজেদের মতো করে আনন্দ করেছি।'
শাবনূর জানান, আগামী সপ্তাহেই তিনি অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন। তিনি বলেন, 'এবারের প্ল্যান ছিল বাংলাদেশে যাওয়ার। ছেলের ইচ্ছাতেই আমেরিকায় আসা। এখন মনে হচ্ছে সিদ্ধান্তটা একদম ঠিক ছিল। সময় কীভাবে কেটে গেল টের–ই পেলাম না।'
গানটির জনপ্রিয়তা
'ভুলোনা আমায়' ছবির জন্য আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে, এন্ড্রু কিশোর ও কনকচাঁপার কণ্ঠে গাওয়া 'একদিকে পৃথিবী' গানটি এখনো জনপ্রিয়। ২০১৮ সালে ইউটিউবে প্রকাশের পর আজ পর্যন্ত গানটি ১০ কোটি ৩৫ লাখের বেশি ভিউ পেয়েছে। ১২ হাজারের বেশি মন্তব্য থেকে স্পষ্ট, এটি প্রজন্মের পর প্রজন্মকে স্পর্শ করে যাচ্ছে। ছবিটির পরিচালক ছিলেন ওয়াকিল আহমেদ।