ইসলামিক ফাউন্ডেশনের চূড়ান্ত সময়সূচি
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) পবিত্র রমজান মাসের জন্য ইসলামিক ফাউন্ডেশন চূড়ান্ত সেহরি ও ইফতারের সময়সূচি ঘোষণা করেছে। রজব মাসের শেষ দিনেই এই ঘোষণা এলো। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকার জন্য প্রথম রোজার সময়
সময়সূচি অনুসারে, প্রথম রমজানের দিন (সম্ভাব্য ১৯ ফেব্রুয়ারি) ঢাকার বাসিন্দাদের জন্য সেহরির শেষ সময় হলো ভোররাত ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় হলো সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট। ধর্মপ্রাণ মুসলমানদের সুবিধার্থে এই সময়সূচি প্রকাশ করা হয়েছে।
অন্যান্য অঞ্চলের সময় পরিবর্তন
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ভৌগোলিক দূরত্বের কারণে ঢাকার সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অন্যান্য অঞ্চলের মানুষ সেহরি ও ইফতারের সময় পালন করবেন। ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে এবং ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে নিজ নিজ এলাকার সময় নির্ধারণ করতে হবে।
রোজা পালনের গুরুত্ব ও নিয়ত
পবিত্র রমজান মাসে রোজা রাখা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। আল্লাহ তাআলা বলেন, “হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা পরহেজগার তথা খোদাভীরু হতে পার।” (সূরা বাকারা: ১৮৩)।
মুসলমানদের জন্য রোজা রাখার নিয়ত জেনে রাখা আবশ্যক। নিয়ত নিম্নরূপ—
রোজার আরবি নিয়ত: نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
রোজার নিয়তের বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
রোজার নিয়তের বাংলা অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়্ত করলাম। তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।