চাল ধোয়া পানিতে কী কী থাকে?
চাল ধোয়া পানিতে প্রচুর পরিমাণে স্টার্চের পাশাপাশি ইনোসিটল, ভিটামিন ই, ভিটামিন বি, ম্যাগনেশিয়াম, ফাইবার, জিঙ্ক, ম্যাংগানিজ-এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে। এই উপাদানগুলোর মধ্যে অনেকগুলোই চুলের গঠন মজবুত করা, স্বাস্থ্য রক্ষা এবং স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে।
চুলের বৃদ্ধিতে পুষ্টি উপাদানের ভূমিকা
চাল ধোয়া পানিতে থাকা গুরুত্বপূর্ণ উপাদানগুলো চুলের যত্নে কীভাবে কাজ করে, তা নিচে তুলে ধরা হলো:
- ভিটামিন ই: এতে টোকোট্রিয়েনল নামের শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। গবেষণায় দেখা গেছে, এটি অ্যালোপেসিয়া (চুল পড়ে যাওয়ার রোগ) আক্রান্ত ব্যক্তিদের চুল গজাতে সহায়তা করতে পারে।
- ম্যাগনেশিয়াম: এটি শরীরের গুরুত্বপূর্ণ একটি খনিজ, যা চুলের স্বাস্থ্যের ক্ষেত্রেও জরুরি। গবেষণায় দেখা যায়, যেসব নারীর চুল ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছিল, তাঁরা নিয়মিত ৯০ থেকে ১৮০ দিন ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট গ্রহণের পর চুলের বৃদ্ধি স্পষ্ট হয়েছে।
- ভিটামিন বি (বিশেষ করে বায়োটিন): বায়োটিন চুলের বৃদ্ধির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং এর ঘাটতি হলে চুল পড়তে পারে। এটি কেরাটিন (চুল ও নখের প্রধান গঠন উপাদান) তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- জিঙ্ক: জিঙ্কের অভাব চুল পড়ার একটি সাধারণ কারণ। এটি চুলের টিস্যু বৃদ্ধি ও মেরামতের জন্য অত্যাবশ্যক। জিঙ্ক সাপ্লিমেন্ট চুল পড়া কমাতে কার্যকর বলে গবেষণায় দেখা গেছে।
চাল ভেজানো পানি কি সত্যিই চুলের জন্য উপকারী?
অনেকের ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে, চাল ভেজানো পানি চুল গজাতে সাহায্য করে। চীনের হুয়াংলুও গ্রামের মানুষজন নিয়মিত এটি ব্যবহার করেন এবং তারা 'বিশ্বের সবচেয়ে লম্বা চুলের গ্রাম' হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছে।
তবে, বৈজ্ঞানিকভাবে এখনো সরাসরি প্রমাণিত হয়নি যে চাল ভেজানো পানি চুলে ব্যবহার করলে চুলের বৃদ্ধি ঘটে। এতে থাকা ভিটামিন ও খনিজ চুলের জন্য উপকারী হলেও, বেশিরভাগ গবেষণা হয়েছে এই উপাদানগুলোর ঘাটতি থাকা ব্যক্তিদের ওপর সাপ্লিমেন্ট গ্রহণের প্রভাব নিয়ে—চুলে বাইরে থেকে লাগালে কী হয়, তা নিয়ে নয়।
চাল ভেজানো পানি তৈরির জনপ্রিয় পদ্ধতি
চাল ভেজানো পানি তৈরির তিনটি জনপ্রিয় উপায় রয়েছে:
- অল্প সময় ভিজিয়ে রাখার পদ্ধতি: এক কাপ চাল ভালো করে ধুয়ে নিন। এরপর এতে দুই-তিন কাপ পরিষ্কার পানি মিশিয়ে ৩০ মিনিট থেকে সর্বোচ্চ ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। সময় পর চাল ছেঁকে এই পানি ব্যবহার করুন। এটি সবচেয়ে ভালো পদ্ধতি।
- সেদ্ধ–পদ্ধতি: স্বাভাবিক নিয়মে চাল রান্না করুন, তবে পানির পরিমাণ সাধারণের চেয়ে কিছুটা বেশি দিন। চাল সেদ্ধ হয়ে গেলে ছাঁকনি দিয়ে চাল আলাদা করে পানিটি চুলের যত্নে ব্যবহার করুন। তবে এই পদ্ধতিতে কিছু ভিটামিন নষ্ট হয়ে যেতে পারে।
- ফারমেন্টেড পদ্ধতি: কেউ কেউ মনে করেন, চাল ভেজানো পানি দুই-তিন দিন রেখে দিলে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজের মাত্রা বাড়ে। তবে এই প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া তৈরি হওয়ার ঝুঁকি থাকে।
চাল ভেজানো পানি ব্যবহারের সঠিক নিয়ম
প্রথমে শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর পুরো চুলে চাল ভেজানো পানি ঢেলে দিন এবং কমপক্ষে ২০ মিনিট রাখুন। সবশেষে কুসুম গরম পানি দিয়ে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন।
পার্শ্বপ্রতিক্রিয়া বা ঝুঁকি আছে কি?
চাল ভেজানো পানি ব্যবহারে তেমন কোনো বড় ঝুঁকি নেই। তবে, যদি আপনার একজিমা থাকে অথবা চুল পড়ার সমস্যা প্রকট হয়, তবে এটি ব্যবহার করার আগে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।