• জাতীয়
  • দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ

দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ

আইজিপি-ইউনেস্কো বৈঠক

জাতীয় ১ মিনিট পড়া
দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রথমবারের মতো প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। চলতি মাসেই এই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পুলিশ সদর দপ্তরে ইউনেস্কো বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ড. সুসান ভাইজ এবং ইউনেস্কো সদর দফতরের রুল অব ল’ অ্যান্ড ফ্রিডম অব এক্সপ্রেশন সেকশনের টিম লিডার মেহদি বেঞ্চেলাহ-সহ তিন সদস্যের এক প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আইজিপি একথা বলেন।

বৈঠকে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে গঠনমূলক ও পেশাদার সম্পর্ক জোরদার, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা এবং ভুল তথ্য ও অপতথ্য রোধে ইউনেস্কোর ভূমিকা বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদল মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং তথ্যপ্রাপ্তির অধিকার উন্নয়নে ইউনেস্কোর বৈশ্বিক ম্যান্ডেট পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক আস্থা ও পেশাদারত্ব বাড়াতে ফ্যাক্ট-চেকিং (তথ্য যাচাই) বিষয়ে সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব দেয়। ভুল তথ্য, অপতথ্য ও গুজব প্রতিরোধে তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে এ ধরনের প্রশিক্ষণ জনস্বার্থ রক্ষা ও সংকট ব্যবস্থাপনায় সহায়ক হবে বলে প্রতিনিধিদলের সদস্যরা উল্লেখ করেন।

আইজিপি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দেশের বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের কার্যক্রম এবং অন্যান্য বিষয় সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

আইজিপি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মত প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চলতি মাসে এ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে। তিনি নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গৃহীত সার্বিক ব্যবস্থার কথা তুলে ধরেন।

স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Tags: নির্বাচনী প্রশিক্ষণ দেড় লাখ পুলিশ সদস্য