• বিনোদন
  • অস্কারে কারা মনোনয়ন পেলেন, জানাবেন এই তারকাদ্বয়

অস্কারে কারা মনোনয়ন পেলেন, জানাবেন এই তারকাদ্বয়

বিনোদন ১ মিনিট পড়া
অস্কারে কারা মনোনয়ন পেলেন, জানাবেন এই তারকাদ্বয়

অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণার দায়িত্ব পেলেন আমেরিকান অভিনেত্রী-গায়িকা ড্যানিয়েল ব্রুকস ও অভিনেতা লুইস পুলম্যান।

আগামিকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তারা জানাবেন, এবারের আসরে ২৪টি বিভাগে কারা মনোনীত হয়েছেন।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আমেরিকান অভিনেতা লুইস পুলম্যানের বাবা বিল পুলম্যান হলিউডের জনপ্রিয় অভিনেতা। গত বছর ‘থান্ডারবোল্টস’ ছবিতে মারভেল কমিকসের দ্য সেন্ট্রি চরিত্রে বড় পর্দায় এসেছেন লুইস। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে একই ভূমিকায় ফিরবেন তিনি। ২০২৫ সালের আরেক আলোচিত ছবি ‌‘দ্য টেস্টামেন্ট অব অ্যান লি’তে দেখা গেছে ৩২ বছর বয়সী এই তারকাকে।

অন্যদিকে কৃষ্ণাঙ্গ তারকা ড্যানিয়েল ব্রুকস নিজের অভিনীত ‘দ্য কালার পারপল’ (২০২৩) ছবিতে গান গাওয়ার সুবাদে একটি গ্র্যামি জিতেছেন। এছাড়া ছবিটিতে অভিনয়ের জন্য অস্কার, বাফটা ও টনি অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছেন তিনি। গত বছরের অন্যতম ব্যবসাসফল ছবি ‘অ্যা মাইনক্রাফট মুভি’তে দর্শক মাতিয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা।

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা করতে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে হাজির হবেন ড্যানিয়েল ব্রুকস ও অভিনেতা লুইস পুলম্যান। ২৪টি বিভাগে মনোনীতদের নাম জানানো হবে দুই ভাগে। প্রথম অংশে সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, সেরা পোশাক পরিকল্পনা, সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সেরা রূপসজ্জা ও চুলসজ্জা, সেরা মৌলিক আবহ সংগীত, সেরা রূপান্তরিত চিত্রনাট্য ও সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে মনোনীতদের নাম জানানো হবে।

দ্বিতীয় অংশে সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা অ্যানিমেটেড ছবি, সেরা চলচ্চিত্র, সেরা কাস্টিং, সেরা চিত্রগ্রহণ, সেরা পরিচালক, সেরা প্রামাণ্যচিত্র, সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, সেরা চলচ্চিত্র সম্পাদনা, সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য ছবি, সেরা মৌলিক গান, সেরা শিল্প নির্দেশনা, সেরা শব্দ ও সেরা ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে মনোনীতদের নাম জানানো হবে।

অস্কারের দুই ওয়েবসাইট (অস্কার ডটকম, অস্কারস ডট ওআরজি), অস্কারের ডিজিটাল প্ল্যাটফর্ম (টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক), এবিসি টিভি চ্যানেলের অনুষ্ঠান ‘গুড মর্নিং আমেরিকা’, এবিসি নিউজ লাইভ, স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস ও হুলুতে সরাসরি দেখানো হবে মনোনয়ন তালিকা ঘোষণার আয়োজন।

বলা দরকার, গত ১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত অনলাইন ব্যালটের মাধ্যমে চূড়ান্ত মনোনয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট তালিকাভুক্তির দায়িত্বে রয়েছে স্বাধীন হিসাবরক্ষণ সংস্থা প্রাইস ওয়াটার হাউস কুপার্স। প্রতিটি বিভাগে মনোনীতের সংখ্যা থাকবে পাঁচ। সেরা চলচ্চিত্র বিভাগে রয়েছে ১০টি মনোনয়ন।

আগামী ১৫ মার্চ (বাংলাদেশ সময় ১৬ মার্চ সকাল) লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৮তম অস্কার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে। জাঁকজমক অনুষ্ঠানটি টানা দ্বিতীয়বারের মতো সঞ্চালনা করবেন আমেরিকান টিভি তারকা কোনান ও’ব্রায়েন। এবিসি নেটওয়ার্ক ও হুলু’র মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে জমকালো এই আয়োজন।

১৯২৭ সাল থেকে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্যদের ভোটে অস্কার চালু রয়েছে। অভিনয়শিল্পী, পরিচালক, চিত্রগ্রাহকসহ অ্যাকাডেমির সদস্য সংখ্যা ১০ হাজারের বেশি। তাদের ভোটেই চূড়ান্ত হয়েছে মনোনয়ন তালিকা।

Tags: মনোনয়ন অস্কার তারকা