• দেশজুড়ে
  • দৌলতপুর সীমান্তে বিজিবির হাতে মাদক সহ চোরাকারবারী আটক

দৌলতপুর সীমান্তে বিজিবির হাতে মাদক সহ চোরাকারবারী আটক

দেশজুড়ে ১ মিনিট পড়া
দৌলতপুর সীমান্তে বিজিবির হাতে মাদক সহ চোরাকারবারী আটক

দৌলতপুর (কুষ্টিয়া ) প্রতিনিধি

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর পৃথক অভিযানে দৌলতপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মধ্যরাতে দৌলতপুর উপজেলার জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চর মেঘনা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬২ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৫ হাজার ৩০০ টাকা।

এরপর একই রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আতারপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২১৮ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়। এসব স্কাপ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৮৭ হাজার ২০০ টাকা।

এর আগে গত ২১ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ তেতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৯/২-এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলবাড়ী মাঠে অভিযান চালিয়ে মোঃ টুটুল (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি পার্শ্ববর্তী গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের মোঃ ছাদেক আলীর ছেলে।

এ সময় তার কাছ থেকে ভারতীয় ১টি শাড়ি, ২টি চাদর এবং ২টি মহিলাদের কাটিগান উদ্ধার করা হয়। আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৯ হাজার ১০০ টাকা।

সব মিলিয়ে অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সর্বমোট মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৬০০ টাকা।

আটককৃত আসামী ও জব্দকৃত চোরাচালানি মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে। এছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Tags: মাদক দৌলতপুর চোরাচালান