প্রথম দিনে নির্বাচনী পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট নগরের সরকারি আলিয়া মাদরাসা মাঠ থেকে বিএনপি নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
জনসভায় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথির বক্তব্য দেন। মঞ্চে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানসহ বিএনপি-মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা। এ জনসভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক বিএনপি সমর্থক অংশ নেন।
প্রথম নির্বাচনী জনসভায় তারেক রহমান দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
তিনি ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, কর্মসংস্থান সৃষ্টি, দেশের মানুষকে স্বাবলম্বী করাসহ বিএনপি ক্ষমতা গেলে নানান উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। কোনো দেশের দাসত্বে নয় সবার আগে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, যেমন দিল্লি নয়, তেমন পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ। সবার আগে বাংলাদেশ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, ন্যায়বিচার, সততা, মানবিকতা ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব, দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।
নিজের পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি এবারের নির্বাচনী মাঠে বিএনপির প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করেও কথা বলেন তারেক রহমান।
কোনো দলের নাম উল্লেখ না করে তারেক রহমান জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, ‘কেউ কেউ বলে, অমুককে দেখেছি, তমুককে দেখেছি। এবার একে দেখেন। প্রিয় ভাইবোনেরা, ১৯৭১ সালে যে যুদ্ধ, যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি। যাঁদের ভূমিকার জন্য এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছেন।
এই দেশের লক্ষ লক্ষ মা-বোনদের সম্মানহানি হয়েছে। তাঁদের তো বাংলাদেশের মানুষ দেখেই নিয়েছে। ধর্মীয় ইস্যুতে জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, পৃথিবীর মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ, সেটা কী অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কী দাঁড়াল? নির্বাচনের আগেই একটি দল এই দেবো, ওই দেবো বলছে, টিকিট দেব, বলছে না? যেটার মালিক মানুষ নয়, সেটার কথা যদি সে বলে, তাহলে সেটা শিরক করা হচ্ছে না? যেটার মালিক আল্লাহ একমাত্র। সবকিছুর ওপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পর কেমন ঠকানো ঠকাবে, আপনারা বোঝেন এবার।
আলিয়া মাদরাসা মাঠে জনসভা শেষে ঢাকা ফেরার পথে তারেক রহমান আরও বেশ কয়েকটি জনসভা ও পথসভায় অংশ নেন। এসব জনসভায় তারেক রহমানকে কাছে পেয়ে উজ্জিবিত হন বিএনপি কর্মী-সমর্থকরা।
জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচার-প্রচারণা
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বর আদর্শ স্কুল থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করে জামায়াতে ইসলামী। ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এ জনসভায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন।