• আন্তর্জাতিক
  • শান্তি বোর্ডে কানাডার আমন্ত্রণ প্রত্যাহার করলেন ট্রাম্প

শান্তি বোর্ডে কানাডার আমন্ত্রণ প্রত্যাহার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
শান্তি বোর্ডে কানাডার আমন্ত্রণ প্রত্যাহার করলেন ট্রাম্প

‘বোর্ড অব পিস’ বা শান্তি বোর্ড-এ যোগ দেওয়ার জন্য কানাডার আমন্ত্রণ প্রত্যাহার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ করে লিখেছেন, এই চিঠির মাধ্যমে জানানো হচ্ছে যে কানাডার যোগদান বিষয়ে বোর্ড অব পিস আপনাকে দেওয়া আমন্ত্রণ প্রত্যাহার করছে।

বিবিসির সংবাদে উল্লেখ করা হয়েছে, উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান টানাপোড়েনের সর্বশেষ প্রকাশ এটি। কানাডার আমন্ত্রণ কেন প্রত্যাহার করা হলো। সে বিষয়ে ট্রাম্প তাঁর পোস্টে কোনও ব্যাখ্যা দেননি। কার্নির দফতরও এ বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি।

তবে সম্প্রতি কানাডা স্পষ্ট করে জানিয়েছে, বোর্ডের স্থায়ী সদস্যদের জন্য ট্রাম্প যে ১ বিলিয়ন ডলার (প্রায় ৭৪০ মিলিয়ন পাউন্ড) সদস্য ফি দেওয়ার কথা বলেছেন, কানাডা তা পরিশোধ করবে না।

ট্রাম্পের বোর্ড অব পিস মূলত গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান এবং পুনর্গঠন তদারকির উদ্দেশ্যে গঠিত। তবে প্রস্তাবিত সনদে ফিলিস্তিন ভূখণ্ডের কোনও উল্লেখ নেই। এটি জাতিসংঘের কিছু কার্যক্রমের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সনদ অনুযায়ী ট্রাম্প আজীবনের জন্য চেয়ারম্যান থাকবেন।

উল্লেখ্য, হোয়াইট হাউজের তথ্য অনুযায়ী, প্রায় ৬০টি দেশকে বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত প্রায় ৩৫টি দেশ সম্মতি দিয়েছে। সম্মত দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, বেলারুশ, মরক্কো, তুরস্ক, পাকিস্তান, মিসর, কাতার, সৌদি আরবসহ আরও কয়েকটি দেশ।

Tags: ট্রাম্প আমন্ত্রণ প্রত্যাহার শান্তি বোর্ড কানাডা