• বিনোদন
  • এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ: হলিউড-বলিউড মেলবন্ধন!

এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ: হলিউড-বলিউড মেলবন্ধন!

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত থ্রিলার ‘হোয়াইট’-এর জন্য গান গাইবেন পপ তারকা জে-লো। ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে আছেন বিক্রান্ত ম্যাসি।

বিনোদন ১ মিনিট পড়া
এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ: হলিউড-বলিউড মেলবন্ধন!

‘টুয়েল্ভথ ফেল’ খ্যাত বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি ক্যারিয়ারের এক নতুন মোড়কে পা রাখতে চলেছেন। তাঁর আসন্ন থ্রিলার সিনেমা ‘হোয়াইট’-এ যুক্ত হচ্ছেন হলিউডের বিশ্বখ্যাত গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। তবে তিনি ছবিতে অভিনয় করছেন না, বরং একটি বিশেষ গান বা 'অ্যান্থেম'-এ কণ্ঠ দেবেন। বলিউড ও হলিউডের এই অপ্রত্যাশিত সংযোগ ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা।

বলিউডে একের পর এক নতুন চমক দেখা যাচ্ছে। সফল সিনেমা 'টুয়েল্ভথ ফেল'-এ তাঁর অনবদ্য অভিনয়ের পর এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিক্রান্ত ম্যাসি। আসন্ন থ্রিলার সিনেমা ‘হোয়াইট’-এ তাঁর যুক্ত হওয়া এক ঐতিহাসিক মাইলফলক তৈরি করতে চলেছে। এই সিনেমার মাধ্যমেই বিশ্বখ্যাত পপ তারকা জেনিফার লোপেজ বলিউডের একটি প্রজেক্টের অংশ হতে চলেছেন।

জেনিফার লোপেজের ভূমিকা

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘হোয়াইট’ সিনেমাটি মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হচ্ছে। এই ছবিতে জেনিফার লোপেজ একটি ‘অ্যান্থেম’ বা থিম সং গাইবেন। গানটি ইংরেজি ও স্প্যানিশ—উভয় ভাষার সংমিশ্রণে তৈরি হওয়ার কথা রয়েছে। তবে, সিনেমা সংশ্লিষ্টরা এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো ঘোষণা দেননি। জানা গেছে, দু’পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, জেনিফার লোপেজের এই কাজ সিনেমাটিতে এক ভিন্ন আন্তর্জাতিক মাত্রা যোগ করবে।

‘হোয়াইট’ সিনেমার অগ্রগতি ও ভাষা

আন্তর্জাতিক মানের এই থ্রিলার সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে অনেক আগেই। দক্ষিণ আমেরিকায় এরই মধ্যে সিনেমার প্রায় ৯০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। প্রথমে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় মূল সিনেমাটি মুক্তি পেলেও, পরে এটি আরও ২১টি ভাষায় ডাবিং করে বিশ্বজুড়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

বিক্রান্তের নতুন প্রজেক্ট ঘিরে আগ্রহ

‘টুয়েল্ভথ ফেল’ সিনেমায় তাঁর শক্তিশালী অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জয়ের পর বিক্রান্ত ম্যাসির এই নতুন প্রজেক্ট সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। জেনিফার লোপেজের মতো একজন আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে তাঁর কাজের খবর ভারতীয় সিনেমাকে বিশ্ব মঞ্চে আরও পরিচিতি এনে দেবে বলে মনে করা হচ্ছে।

Tags: bollywood hollywood jennifer lopez vikrant massey thriller film white movie siddharth anand jlo