• আন্তর্জাতিক
  • অস্ট্রেলিয়াজুড়ে আদিবাসী অধিকারের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ

অস্ট্রেলিয়াজুড়ে আদিবাসী অধিকারের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
অস্ট্রেলিয়াজুড়ে আদিবাসী অধিকারের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ

অস্ট্রেলিয়ার জাতীয় দিবস ‘অস্ট্রেলিয়া ডে’ সোমবার দেশজুড়ে পালিত হলেও দিনটি ঘিরে একযোগে পাল্টাপাল্টি বিক্ষোভ ও সমাবেশে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন শহর।

আদিবাসী অধিকার সমর্থনে ‘ইনভেশন ডে’ সমাবেশ এবং অভিবাসন নীতির বিরোধিতায় আলাদা কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অস্ট্রেলিয়া ডে উদযাপন করা হয় ব্রিটিশদের অস্ট্রেলিয়ায় উপনিবেশ স্থাপনের স্মরণে। ওই দিন ব্রিটিশ কর্তৃপক্ষ নিউ সাউথ ওয়েলসে দণ্ডিত অপরাধীদের নির্বাসিত করে একটি উপনিবেশ গড়ে তোলে। তবে আদিবাসী জনগোষ্ঠীর কাছে এই দিনটি আনন্দের নয়। তাদের মতে, এই তারিখ থেকেই জমি দখল, অধিকার হরণ এবং আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়। সিডনির হাইড পার্কে অনুষ্ঠিত ‘ইনভেশন ডে’ সমাবেশে আদিবাসী নেতারা ভূমি পুনরুদ্ধার, পুলিশ হেফাজতে আদিবাসীদের মৃত্যুর ঘটনা এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আদিবাসী নারী গওয়েন্ডা স্ট্যানলি বলেন, “নতুন অস্ট্রেলিয়ানদের সবাইকে নিয়ে আমাদের একটি জোট গড়তে হবে, কারণ অভিবাসীরা না থাকলে অস্ট্রেলিয়া টিকে থাকতে পারত না।” তিনি কট্টর ডানপন্থী রাজনীতির সমালোচনা করে ঐক্যের আহ্বান জানান।

এদিকে একই দিনে কাছাকাছি এলাকায় ‘মার্চ ফর অস্ট্রেলিয়া’ নামের একটি সংগঠনের উদ্যোগে অভিবাসনবিরোধী বিক্ষোভে কয়েকশ মানুষ অংশ নেয়। সংগঠনটি অতীতে চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সমালোচিত হয়েছে।

এর আগে নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঐক্যের আহ্বান জানিয়ে সামাজিক বিভাজন এড়ানোর ওপর জোর দেন।

সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়ায় রেকর্ডসংখ্যক অভিবাসী প্রবেশ করেছে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ বিদেশে জন্মগ্রহণ করেছেন বা তাদের অন্তত একজন অভিভাবক বিদেশে জন্মগ্রহণকারী। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও আবাসন সংকটের কারণে বিষয়টি নিয়ে জনমত আরও বিভক্ত হয়ে উঠেছে। ফলে অস্ট্রেলিয়া ডে ঘিরে এবারের বিক্ষোভ ও পাল্টা সমাবেশ দেশটির পরিচয়, ইতিহাস এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে চলমান সামাজিক বিভাজনকেই আরও স্পষ্ট করে তুলেছে।

Tags: অস্ট্রেলিয়া বিক্ষোভ আদিবাসী পক্ষে-বিপক্ষে