রংপুরের মিঠাপুকুর উপজেলায় ভেজাল গুড় উৎপাদন রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে গুড় উৎপাদনকারী ও ব্যবসায়ীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন সভা কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ। গুড় উৎপাদনকারীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, "জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে কোনোভাবেই ভেজাল গুড় উৎপাদন সহ্য করা হবে না। যদি কেউ অস্বাস্থ্যকর পরিবেশে বা ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে গুড় তৈরি করেন, তবে তাকে জেল ও জরিমানার মুখোমুখি হতে হবে। জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসন কোনো আপস করবে না।"
প্রশিক্ষণ কর্মশালায় উঠে আসে যে, গুড় কারখানা গুলো বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। আলোচনা চলাকালীন উপস্থিত ব্যবসায়ীরা স্বীকার করেন যে, অধিক মুনাফার আশায় তারা গুড় উৎপাদনে বিপুল পরিমাণ চিনি ব্যবহার করছেন। এ সময় ব্যবসায়ীরা স্বল্প পরিসরে উৎপাদন চালিয়ে যাওয়ার অনুমতি প্রার্থনা করলেও প্রশাসন মানসম্মত খাদ্য নিশ্চিতের বিষয়ে অনড় অবস্থান দেখায়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিক জামান, বিএসটিআই-এর সহকারী পরিচালক মাহবুবার রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার লোকমান হোসেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মিঠাপুকুর এলাকায় উৎপাদিত এই ভেজাল গুড় নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত তদারকির অভাব ও অসাধু সিন্ডিকেটের কারণে এই অসাধু কার্যক্রম বন্ধ হচ্ছে না। সভা শেষে উপস্থিত সচেতন মহল এলাকায় নিয়মিত অভিযান জোরদার করার দাবি জানান।