টাঙ্গাইল-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদের সমর্থনে ১১ দলীয় জোটের যৌথ ঘোষণা এবং নির্বাচনী কার্যক্রমে বিএনপির হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের হলরুমে ১১ দলীয় জোটের টাঙ্গাইল সদর আসন নির্বাচন কমিটির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে যৌথ ঘোষণার পর বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ। তিনি টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি অভিযোগ করে বলেন, টাঙ্গাইল সদর, গোপালপুর, ধনবাড়ি, ঘাটাইল, ভূঞাপুর ও কালিহাতীসহ প্রতিটি উপজেলায় বিএনপির পদধারী নেতারা পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে।
নেতৃবৃন্দ বিশেষ করে গত ২৬ জানুয়ারি গোপালপুর উপজেলায় মহিলা জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
আহসান হাবীব মাসুদ বলেন, প্রতিটি উপজেলায় লিখিত অভিযোগ ও মামলা দায়ের করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। তিনি বলেন, এভাবে নির্বাচনী কাজে বাধা সৃষ্টি হলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকে না।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ১১ দলীয় জোট কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে। প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে ১১ দলীয় জোট বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি বলেন, ৫ আগস্টের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। কেউ পুনরায় ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিরোধ করা হবে, ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, এনসিপির জেলা আহ্বায়ক এডভোকেট কামরুজ্জামান শাওন, সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, সহসভাপতি মুফতি আব্দুর রহমান মাদানি, সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম, এবি পার্টির জেলা সমন্বয়ক এডভোকেট আলাউদ্দিন খালিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা জায়েদ হাবিব, শহর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও সদর উপজেলার আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর সভাপতি মাওলানা ওলিউল্লাহ, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের, সাবেক জেলা সভাপতি মাজহারুল ইসলামসহ ছাত্রশিবির, ছাত্রমজলিশ ও ছাত্রশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।