শুক্রবার (৩০ জানুয়ারী) রাতে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় জহির উদ্দিন স্বপন বলেন-শেখ হাসিনা যেহেতু নৌকা মার্কাসহ পালিয়ে গিয়েছে সেই জন্য যারা আগে নৌকায় ভোট দিতেন তাদের উৎসাহ দিতে হবে যাতে তারা ধানের শীষে ভোট দেন।
কেননা যদি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের সরকার প্রতিষ্ঠা হয় তাহলে প্রতিহিংসামুক্ত একটা সরকার কায়েম হবে। তখন তারা আবার নতুন করে গণতান্ত্রিক পরিবেশ পাবে। সেই কারনে আগামী ১২ তারিখ পর্যন্ত সমাজ বিরোধী বাদে সকলের জন্য ধানের শীষের দরজা আমরা উন্মুক্ত করে দিয়েছি। যারা এই দেশের ভাল চায় তারা আমাদের দল না করলেও ধানের শীষে ভোট দিলে আমরা সাদরে গ্রহন করবো।
বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদানের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠিকে সাবলম্বী করা হবে জানিয়ে বিএনপি’র এই প্রার্থীবলেন-আমরা নারী ও কৃষি বান্ধব সরকার গঠনের পর শিক্ষিত বেকার তরুন-তরুনীদের কর্মসংস্থান প্রদানের উপযোগী গড়ে তুলতে চাই। যাতে তারা কর্মজীবি হতে পারে। যারা প্রবাসে যেতে চায় তাদেরকে দক্ষ জনবলে রুপান্তরিত করে বিদেশে পাঠাবো। ভবিষ্যতের সরকার প্রতিহিংসা আর কান্নাকাটির সরকার হবেনা। ভবিষ্যতের সরকার হবে জনগনের কল্যানকামী একটি সরকার। যার নেতা হবেন দেশ নায়ক তারেক রহমান।
এই মূহুর্তে তারেক রহমানকে সরকার প্রধান বানানো ছাড়া আর কোন পথ খোলা নেই জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন-দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও শান্তি শৃংখলা রক্ষা করতে চাইলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো ছাড়া বিকল্প কোন পথ নেই। সেই কারনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে ধানের শীষ মার্কাকে বিজয়ী করে আমাকে সংসদে পাঠাতে হবে দেশ রক্ষা করার জন্য।
একইদিন তিনি বাটাজোর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে গৌরনদী-আগৈলঝাড়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে ভোট চান। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।