সিন্ডিকেট ভেঙে গ্যাস সংকট নিরসনের অঙ্গীকার
ধানের শীষের প্রার্থী আমিনুল হক রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ১১ নম্বর, সবুজ বাংলা আবাসিক এলাকা ও তৎসংলগ্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এই গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। তিনি ভোটারদের হাতে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্বলিত লিফলেট তুলে দেন এবং কুশল বিনিময় করেন।
গণসংযোগের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে আমিনুল হক গ্যাস সমস্যাকে এই এলাকার প্রধান সংকট হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, “সারা দেশেই এখন গ্যাসের সমস্যা প্রকট। একটি সিন্ডিকেট গ্রুপ তাদের সিলিন্ডার ব্যবসাকে লাভবান করতে কৃত্রিমভাবে এই সংকট তৈরি করে সাধারণ মানুষের সংযোগ বন্ধ রেখেছে। আমাদের পরিকল্পনা আছে, সরকার গঠন করতে পারলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করব।”
আইনশৃঙ্খলা ও ‘জিরো টলারেন্স’ নীতি
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছেন। তার দাবি, মিরপুর-পল্লবী এলাকাকে চাঁদাবাজ, মাদক এবং কিশোর গ্যাংমুক্ত করতে তারা ইতোমধ্যে অনেকখানি সফল হয়েছেন। নির্বাচিত হলে এই অশুভ শক্তিগুলোর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
নির্বাচনী পরিবেশ ও ধৈর্যশীলতা
নির্বাচনী পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, নির্বাচনী মাঠে উস্কানি দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তিনি তার নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যেন তারা কোনো উস্কানিতে পা না দেন। তিনি বলেন, “আমরা শতভাগ ধৈর্যশীল। তবে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায়, তা দৃঢ় হাতে দমন করা হবে।” ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তারা যেন ১২ ফেব্রুয়ারি স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেন।
এনআইডি কার্ড সংগ্রহে গভীর ষড়যন্ত্রের অভিযোগ
প্রতিপক্ষ দলের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধানের শীষের এই প্রার্থী বলেন, “শুনতে পাচ্ছি তালতলার বস্তিসহ বিভিন্ন স্থানে এনআইডি কার্ডের ছবি এবং বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে। ভোটের সাথে এনআইডি কার্ড বা ছবির কোনো সম্পর্ক নেই। এটি একটি গভীর ষড়যন্ত্র বা দুরভিসন্ধি।” তিনি সাধারণ মানুষকে সতর্ক করার পাশাপাশি নির্বাচন কমিশনকে ইতোমধ্যে এই বিষয়ে অবহিত করেছেন বলে জানান। মিরপুরের এই প্রচারণা শেষে আমিনুল হক আগামী দিনেও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার রক্ষার লড়াইয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।