বগুড়ায় বিএনপির নিরঙ্কুশ জয়ের আনন্দকে প্রকৃতির সান্নিধ্যে স্মরণীয় করে রাখা হয়েছে। শনিবার শাকপালার সিঅ্যান্ডবি পার্কে ‘স্টার্টআপ বগুড়া’ ও বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অঙ্গীকার উদ্বোধনী বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি একটি বড় অঙ্গীকার। তিনি বলেন, বগুড়ার শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে, তা সারা দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
পার্কের ভোল বদল ও পরিবেশবান্ধব উন্নয়ন রেজাউল করিম বাদশা আরও জানান, লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সময় তারেক রহমান এই জরাজীর্ণ সিঅ্যান্ডবি পার্কটির কথা উল্লেখ করেছিলেন। সড়ক ও জনপথের জায়গা হওয়ায় এর আগে পৌরসভা এটি সংস্কার করতে পারেনি। তবে বর্তমানে দ্রুত সমন্বয়ের মাধ্যমে পার্কটিকে নতুন রূপ দেওয়া হয়েছে, যেখানে এখন প্রতিদিন হাজারো মানুষ শরীরচর্চা ও শিশুরা খেলাধুলার সুযোগ পাচ্ছে। তিনি উল্লেখ করেন যে, তারেক রহমান কংক্রিটের স্থাপনার চেয়ে ইকো-ফ্রেন্ডলি সবুজায়ন ব্যবস্থায় বেশি বিশ্বাসী।
তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ আয়োজনের সমন্বয়ক ও সিবিআরই আইবিএম-এর টেকনিক্যাল ডিরেক্টর হাসান মাহবুব জানান, পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশ সংরক্ষণকে সমান্তরালে এগিয়ে নিতে হবে। বিএনপি জোট যেহেতু ২১৩টি আসনে জয়লাভ করেছে, সেই সংখ্যাকে মাথায় রেখেই ২১৩টি বৃক্ষ রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়। এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি এ কে এম আহসান হাবীব নাফি এবং স্টার্টআপ বগুড়ার সভাপতি মশিউর শাফী এই উদ্যোগকে একটি দায়িত্বশীল সূচনা হিসেবে অভিহিত করে বলেন, তরুণরাই পারবে আগামীর বাংলাদেশের পরিবর্তনকে নেতৃত্ব দিতে।