গাজীপুর মহানগরীর বাসন কলম্বিয়া সরকারবাড়ি এলাকায় এক পোষাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শরীফা (৩৮) দুই ছেলে ও এক কন্যার জননী। তার স্বামীর গ্রামের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে। তিনি বাসন এলাকার সরকারবাড়িতে একটি বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সন্তানদের ঘুমাতে বলে নিজ কক্ষে প্রবেশ করেন শরীফা। রোববার দুপুরে ঘুম থেকে উঠে তার দুই ছেলে ঘরের ভেতর মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে নিহতের কন্যা ও তার স্বামী ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।