তেহরানের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর এবং একটি প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার সকালে ইসরায়েলের ‘লাহাভ ৪৩৩’ বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর এবং গিলাত এলাকায় অবস্থিত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রের ওপর শক্তিশালী ড্রোন হামলা চালানো হয়।
তবে ইরানের ওই বিবৃতিতে হামলার সুনির্দিষ্ট স্থান, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হামলার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
এদিকে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, ক্লাস্টার বা গুচ্ছ বোমা বহনকারী একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করলেও এর ওয়ারহেড থেকে ছড়িয়ে পড়া গুচ্ছ বোমা এইলাত শহরসহ কয়েকটি এলাকায় পড়ে। এতে দুইজন সামান্য আহত হন।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে গত ২৪ ঘণ্টায় আহত অন্তত ১০৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ঠিক কীভাবে তারা আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি মন্ত্রণালয়। ধারণা করা হচ্ছে, অনেকেই ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার সময় আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করতে গিয়ে আহত হয়ে থাকতে পারেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
সেই হামলার জবাবে ধারাবাহিকভাবে পাল্টা আঘাত হানছে ইরান। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে রোববার (১৫ মার্চ) সকাল পর্যন্ত সংঘাত-সম্পর্কিত ঘটনায় মোট ৩ হাজার ১৯৫ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।