• আন্তর্জাতিক
  • ভারতের পর আরও এক দেশ রাশিয়ার তেলের দিকে ঝুঁকছে

ভারতের পর আরও এক দেশ রাশিয়ার তেলের দিকে ঝুঁকছে

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
ভারতের পর আরও এক দেশ রাশিয়ার তেলের দিকে ঝুঁকছে

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা মোকাবিলায় রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার দিকে ঝুঁকছে থাইল্যান্ড।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক পুয়াংকেটকেও ব্যাংকক ও মস্কোর মধ্যে এই বাণিজ্যিক আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

সম্প্রতি দ্য নেশন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, থাইল্যান্ড সরকার ইতোমধ্যে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে এবং রাশিয়াও তাদের কাছে তেল বিক্রির বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল মনে করেন, বর্তমানে থাইল্যান্ডের কাছে প্রায় ৯৫ থেকে ১০০ দিনের জ্বালানি তেলের মজুদ থাকলেও চলমান যুদ্ধ দীর্ঘমেয়াদী সরবরাহের ক্ষেত্রে এক বড় অনিশ্চয়তা তৈরি করেছে। এই ঝুঁকি এড়াতেই রাশিয়ার মতো বড় তেল উৎপাদনকারী দেশের সঙ্গে চুক্তির পথে হাঁটছে দেশটি।

এর আগে, ইরান যুদ্ধের প্রভাবে উদ্বেগের মধ্যে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে ৩০ দিনের ‘অস্থায়ী ছাড়’ দেয় যুক্তরাষ্ট্র।

মার্চের প্রথম সপ্তাহে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ বজায় রাখতেই এই সিদ্ধান্ত। তবে এই ছাড় সমুদ্রে আটকে থাকা তেলবাহী জাহাজ বা ট্যাংকারের ক্ষেত্রেই প্রযোজ্য। যদিও রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।

সেই আবহে এবার পশ্চিমা নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে রাশিয়ার তেল কিনতে চেষ্টা চালাচ্ছে থাইল্যান্ড।

Tags: ভারত রাশিয়ার তেলে ঝুঁকছে