ভারতীয় দলের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার দিনেশ কার্তিক এবং স্কোয়াশ চ্যাম্পিয়ন দীপিকা পাল্লিকলের সংসারে এল তৃতীয় সন্তান। ২০২১ সালে যমজ পুত্রসন্তান কবীর ও জিয়ানের জন্মের পর এবার তাদের পরিবার পূর্ণতা পেল এক রাজকন্যার আগমনে। কার্তিক তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নবাগত কন্যার নামও প্রকাশ করেছেন।
মেয়ের নাম রাখলেন ‘রাহা’ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেন দিনেশ কার্তিক। তিনি জানান, তাদের পরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে ‘রাহা পাল্লিকল কার্তিক’। পোস্টে তিনি লিখেন, "কবীর এবং জিয়ান তাদের ছোট্ট বোনকে স্বাগত জানাচ্ছে। আমাদের পরিবারে এল নতুন সদস্য, রাহা।"
ক্রিকেট মহলের শুভেচ্ছা বার্তা কার্তিকের এই সুখবর পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার ঢল নামে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি লাভ ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান। শিখর ধাওয়ান লিখেছেন, "অনেক অনেক অভিনন্দন!" এছাড়া অক্ষর প্যাটেল, সানিয়া মির্জা, মনদীপ সিং ও মহিপাল লোমরোরসহ আরও অনেক ক্রীড়াবিদ এই তারকা দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। কার্তিকের আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও (আরসিবি) খুদে রাহাকে ভালোবাসা জানিয়েছে।
অতীতের ঝড় পেরিয়ে নতুন জীবন দিনেশ কার্তিকের ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনায় থেকেছে। ২০০৭ সালে শৈশবের বন্ধু নিকিতা বানজারাকে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই সংসার বেশিদিন টেকেনি। পরবর্তীতে ২০১৫ সালে হিন্দু ও খ্রিস্টান রীতি মেনে দীপিকা পাল্লিকলকে বিয়ে করেন কার্তিক। জীবনের কঠিন সময় পার করে দীপিকার সঙ্গে এক সুখী দাম্পত্য জীবন গড়ে তুলেছেন তিনি।
বর্তমান ব্যস্ততা আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসরের ঘোষণা দিলেও ক্রিকেটের সাথেই যুক্ত রয়েছেন কার্তিক। বর্তমানে তিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবেও বিশ্বজুড়ে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।